পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কলকাতায় কর্মকর্তা পর্যায়ে বৈঠক হয়েছে। গতকাল সোমবার বিকেলে মহাকরণে (রাজ্য সচিবালয়) রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনারের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব জি ডি গৌতম, পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (কারা) বি ডি শর্মাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, জান খালাস পাওয়া বন্দীদের দেশে দ্রুত ফেরত পাঠানোর জন্য উভয় দেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে বাংলাদেশি যেসব বন্দীর সাজা হয়, তাঁদের সাজার মেয়াদ শেষের অন্তত ছয় মাস আগে তাঁদের তালিকা পশ্চিমবঙ্গ সরকার কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনকে অবহিত করবে। বন্দিসমস্যা নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠকেরও সিদ্ধান্ত হয়।গতকাল সকালে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক (কারা) বি ডি শর্মা জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে নারী-পুরুষ মিলে বাংলাদেশি বন্দীর সংখ্যা দুই হাজার ৬০৫ জন। এ ছাড়া এঁদের মধ্যে নারী বন্দীদের সঙ্গে রয়েছে ১৭০টি শিশু।বন্দীদের মধ্যে জান খালাস পাওয়া বন্দীর সংখ্যা ৬৪২; এর মধ্যে পুরুষ ৫১১ এবং নারী ১৩১ জন। দণ্ড পাওয়া বন্দীর সংখ্যা ৯৮৯ জন; এর মধ্যে পুরুষ ৮৬১ এবং নারী ১২৮ জন। আর বিচারাধীন বন্দীর সংখ্যা ৯৭৪ জন; এর মধ্যে পুরুষ ৮৭৩ এবং নারী ১০১ জন।