বাংলাদেশি বন্দীদের মুক্তির উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে সাজা শেষ হওয়ার পরও আটক (জানখালাসপ্রাপ্ত) বাংলাদেশি বন্দীদের মুক্তির ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নেবে রাজ্যের নতুন সরকার, বিশেষ করে আইনি জটিলতার কারণে বিভিন্ন কারাগারে আটক বন্দীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগী হবে। গত সোমবার দুপুরে কলকাতা উপহাইকমিশনের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ ব্যাপারে আলোচনা হয়।মন্ত্রী জানান, এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে জানখালাসপ্রাপ্ত ৪৪৩ জন বাংলাদেশি বন্দী রয়েছেন। এসব বন্দীর কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও কূটনৈতিক জটিলতার কারণে তাঁরা দেশে ফিরতে পারছেন না। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত বন্দী ৮৭৮ এবং বিচারাধীন বন্দী রয়েছেন ৭২৭ জন। মন্ত্রী বলেন, রাজ্য সরকার এসব বন্দীর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবে। তাঁরা যেন দ্রুত দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা নেবে।অন্যদিকে বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা বলেন, কারাদণ্ড ঘোষণার পরপর মন্ত্রীরা যেন বাংলাদেশি বন্দীদের নাম তাঁদের জানিয়ে দেন। এতে ওই বন্দীদের দ্রুত দেশে ফেরত নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া যাবে।