বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের মার্কিন ভিসাপ্রাপ্তি বেড়েছে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের ভিসাপ্রাপ্তি গত পাঁচ বছরে তিন গুণ বেড়েছে। ব্যবসায়ী ভিসাপ্রার্থীরা স্বচ্ছতার সঙ্গে যাতে দ্রুত ভিসা পায়, সেটা নিশ্চিত করতে মার্কিন দূতাবাসের কনস্যুলার বিভাগ বদ্ধপরিকর। ঢাকায় মার্কিন দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রধান স্যান্ড্রা ইনগ্রাম গতকাল বুধবার এ কথা বলেন। আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত মাসিক মধ্যাহ্ন ভোজসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। অ্যামচেম সভাপতি আফতাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনার মূল বিষয় ছিল ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা-প্রক্রিয়া। ইনগ্রাম বলেন, ভিসাপ্রার্থীদের ৯৭ শতাংশের বেশি সাক্ষাত্কার দেওয়ার এক-দুই দিন পর মার্কিন ভিসা পেয়ে থাকেন। বাকি তিন শতাংশের কম ভিসাপ্রার্থীর ক্ষেত্রে আবার কিছু প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ অবস্থার পরিবর্তনের জন্য কনস্যুলার বিভাগ নিয়মিতভাবে কাজ করছে। ভিসা প্রক্রিয়ায় সময়ের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে মার্কিন কনস্যুলার বিভাগের প্রধান যুক্তরাষ্ট্র সফরে আগ্রহী বাংলাদেশের ব্যবসায়ীদের হাতে সময় রেখে আবেদনের জন্য পরামর্শ দেন। তিনি বলেন, ‘অভিবাসী নন এ ধরনের বাংলাদেশি ভিসাপ্রার্থীদের সাধারণত দুই দিন অপেক্ষা করতে হয়। ভিসা পাওয়ার জন্য পাঁচ দিনের বেশি অপেক্ষা করতে হলে ব্যবসায়ী ভিসাপ্রার্থীরা সাক্ষাত্কারের প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানাতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে সহায়তা দিতে মার্কিন কনস্যুলার বিভাগের কাজে দক্ষতা ও স্বচ্ছতা আনা হয়েছে।’ গত পাঁচ বছরে দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি উল্লেখ করে ইনগ্রাম বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি গত পাঁচ বছরে বেড়েছে ৪০ শতাংশ। অন্যদিকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি বেড়েছে প্রায় দ্বিগুণ। বাণিজ্য বাড়ার ফলে দুই দেশই লাভবান হয়েছে। দক্ষ ব্যবসায়ীদের অবাধ যাতায়াত না হলে বাণিজ্য সম্পর্ক জোরদার হতো না।