বাংলাদেশি ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের প্রায় ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক বাসিন্দার বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।জানা গেছে, বোয়ালখালীর চরণদ্বীপ এলাকার ইফতেখার হোসেন চৌধুরী ১৯৯৫ সালে হিসাব ব্যবস্থাপক পদে চাকরি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সিরামিক কোম্পানি সিরামিকা ক্লিওপেট্টা গ্রুপে যোগ দেন। পরে ওই প্রতিষ্ঠানের ৭০ লাখ টাকা আত্মসাৎ করে তিনি পালিয়ে বাংলাদেশে আসেন।পুলিশ সূত্র জানায়, ইফতেখারের বিরুদ্ধে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব হোসেন অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা এবং পাসপোর্ট আইনে তিনটি মামলা করেন।সিআইডি অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত করতে একজন কর্মকর্তাকে দুবাই পাঠায়। গত বছরের ৫ নভেম্বর তদন্ত কর্মকর্তা দুবাই গিয়ে কোম্পানির মালিক ও অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সাধারণত বিদেশে গিয়ে কোনো মামলার তদন্ত করা বিরল ঘটনা।সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইফতেখারের প্রতারণার বিষয়টি তদন্ত করে আমরা গত ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দিয়েছি। তিনি যে কাণ্ড করেছেন, তাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট এবং আরব আমিরাতের সঙ্গে আমাদের দেশের সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। তাঁর কারণে অনেক বাংলাদেশি শ্রমিক ও কর্মকর্তা দুবাইভিত্তিক ওই কোম্পানি থেকে চাকরি হারান বলে আমরা শুনেছি।’সিআইডি সূত্র জানায়, সিরামিকা ক্লিওপেট্টা গ্রুপের হিসাব ব্যবস্থাপক ছিলেন ইফতেখার। প্রতিষ্ঠানটির মালিকের নাম আবদুল রহমান আল বলখি। ক্লিওপেট্টা কোম্পানিতে আরও অনেক বাংলাদেশি চাকরি করতেন। ২০০২ সালে তিনি ওই কোম্পানির ৭০ লাখ টাকা আত্মসাৎ করে স্ত্রী ও সন্তান নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আবদুল গফুর বলেন, ক্লিওপেট্টার অর্থ আত্মসাতের ঘটনাটি জানাজানির পর প্রতিষ্ঠানের মালিক ইফতেখারের পাসপোর্ট জব্দ করেন। পরে তিনি পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁর পালানোর বিষয়টি নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ হয়। ওই যোগাযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।সিআইডি সূত্র জানায়, ক্লিওপেট্টার মালিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়মিত ইফতেখারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সর্বশেষ খবর নিচ্ছেন। সরকারের গৃহীত পদপেক্ষে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে ইফতেখারের বিরুদ্ধে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল হওয়ায় বাংলাদেশের শ্রমিকদের প্রতি আরব আমিরাতের ব্যবসায়ীদের নেতিবাচক ধারণা অনেকটা কেটে গেছে। অভিযোগপত্রে ইফতেখারকে মূল আসামি দেখানো হয়েছে। আর সহযোগিতার কারণে তাঁর স্ত্রী ফাতেমা জেবুন্নেছাকে আসামি করা হয়েছে।সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার বলেন, দুবাইয়ে ইফতেখার আরও অনেক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। সে দেশের আদালতে তিনি দুটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, এমনকি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।ইফতেখার হাইকোর্ট থেকে জামিনে আছেন। তবে এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।