বাংলাদেশি ব্লগারদের আশ্রয় দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ব্লগারদের মধ্যে যারা হুমকির মুখে আছেন তাঁদের আশ্রয় দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মার্ক সি টোনার এ কথা বলেন।
ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিন সামাদ হত্যার ঘটনার নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে মার্ক টোনার বলেন, উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, বাংলাদেশি ব্লগার, যাঁরা হামলার হুমকিতে আছেন, তাঁদের মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে। তবে এই বিষয়টি পুরোপুরি নির্ভর করছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ওপর।
যুক্তরাষ্ট্রভিত্তিক লেখকদের সংগঠন পেন আমেরিকার কারিন ডয়েশ কার্লেকর যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের ব্লগারদের ‘হিউম্যানিটারিয়ান প্যারোলের’ আওতায় আশ্রয় দেওয়ার জন্য। হিউম্যানিটারিয়ান প্যারোলের আওতায় বিভিন্ন আশঙ্কা ও বিপদের মুখে আছেন, এমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে সাময়িক আশ্রয় দেওয়া হয়।