বাংলাদেশি ব্লগারদের জন্য পেন-আমেরিকার সংহতি অনুষ্ঠান
ব্রুকলিনের রুলেট সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত দর্শকদের অধিকাংশ ছিলেন তরুণ বাংলাদেশি-আমেরিকান অথবা তাঁদের মার্কিন সহপাঠী বা বন্ধু। ‘অবিনাশী শব্দাবলী’ নামে এক সংহতি অনুষ্ঠানে তাঁরা গত বুধবার স্মরণ করলেন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নিহত চার মুক্তমনা ব্লগারের কর্মজীবন। নিহত ব্লগারদের রচনা থেকে পাঠের মাধ্যমে তাঁরা প্রতিবাদ জানালেন বাক্স্বাধীনতার ওপর অব্যাহত হামলার।
লেখকদের সংগঠন পেন-আমেরিকার উদ্যোগে ও ব্রুকলিন গ্রন্থ উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে পেনের পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের বাক্স্বাধীনতা-বিষয়ক পরিচালক ক্যারিন কারলেকার। তিনি বাংলাদেশে মুক্তচিন্তার ওপর অব্যাহত আক্রমণে এবং ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্লগাররা যাতে নিরাপদ বোধ করেন, সে জন্য পেন-আমেরিকা বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানিয়েছে এবং কয়েকজন ব্লগারকে বিভিন্নভাবে সাহায্যের উদ্যোগ নিয়েছে।
দুই ঘণ্টা স্থায়ী অনুষ্ঠানে কয়েকজন তরুণ বাংলাদেশি-আমেরিকান প্রথমে তাঁদের নিজেদের লেখা থেকে পড়ে শোনান। পরে তাঁরাই নিহত চার ব্লগারের রচনার নির্বাচিত অংশ পাঠ করেন। এ ছাড়া আবৃত্তিশিল্পী মিথুন আহমেদ উপস্থিত করেন রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতার একটি মন্তাজ।আর সংগীতশিল্পী অনিক খান গানের মাধ্যমে ব্লগারদের সঙ্গে সংহতি জানান।