বাংলাদেশি ব্লগারদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জঙ্গি হামলার শিকার মুক্তমনা লেখক-ব্লগার ও প্রকাশকদের যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে আটটি মানবাধিকার সংগঠনের একটি জোট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, চলতি বছর বাংলাদেশে পাঁচজন ব্লগার জঙ্গিদের হাতে প্রাণ দিয়েছেন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকও রয়েছেন। এর বাইরে জঙ্গিদের হাতে আক্রান্ত হয়েছেন আরও অন্তত চারজন। মুক্তমনা লেখকদের ওপর এসব হামলার প্রেক্ষাপটে ওই চিঠি দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের নেতৃত্বে রয়েছে পেন আমেরিকা সেন্টার, যারা বাক্স্বাধীনতার পক্ষে কাজ করে থাকে। এই জোটে আরও রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), রিপোর্টার্স উইদাউট বর্ডারস ও ফ্রিডম হাউসের মতো নামকরা মানবাধিকার সংগঠন।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের এ ধরনের লেখকেরা এখন ‘আশু বিপদ’-এর মধ্যে রয়েছেন। পেন আমেরিকার বাক্স্বাধীনতা কর্মসূচির পরিচালক কারিন ডয়েচ কারলিকার বলেন, ‘বাংলাদেশের ডজন ডজন লেখক বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাঁরা যে সুরক্ষা চাইছেন তা তাঁদের সরকার দিতে ইচ্ছুক নয় বা দিতে সমর্থ নয়।’
কারিন ডয়েচ আরও বলেন, ‘বাংলাদেশে ব্লগার ও লেখকদের আর কোনো আশ্রয়ের জায়গা নেই। কারণ, তাঁরা একদিকে চরমপন্থী গোষ্ঠীগুলোর হাতে হত্যার হুমকির মধ্যে রয়েছেন, অন্যদিকে ধর্ম অবমাননার অভিযোগে সরকারের কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে রয়েছেন।’
পেন আমেরিকার নির্বাহী পরিচালক সুজানে নোসেল বলেন, এসব লেখক ‘ভীতিকর’ অবস্থার মধ্যে রয়েছেন। ‘মানবিক প্যারোল’ নামে পরিচিত ব্যবস্থার আওতায় তাঁদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া উচিত। এই ব্যবস্থার আওতায় যেসব ব্যক্তি হুমকির মুখে রয়েছেন, অথচ অন্য কোনো বিবেচনায় তাঁরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত, তাঁদের ভিসা দিয়ে থাকে দেশটি।
নোসেল বলেন, ‘ইন্টারনেট স্বাধীনতার সুরক্ষা ও ধর্মীয় স্বাধীনতার প্রতি হুমকিগুলো প্রতিরোধ করার প্রচেষ্টার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত। এখন যেসব ব্যক্তি অনলাইনে নিজেদের মতামত প্রকাশের কারণে হত্যার শিকার হওয়ার খুবই প্রকৃত ঝুঁকিতে রয়েছেন, তাঁদের জীবন রক্ষার্থেও দেশটিকে নেতৃস্থানীয় ভূমিকা রাখতে হবে।’
ব্লগারদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রতি বিভিন্ন সংগঠনের আহ্বান সরকার কীভাবে দেখছে তা জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গতকাল রাতে বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশ সরকারের আসলে এ বিষয়ে কিছু বলার নেই। যেসব সংগঠন এদের জন্য আবেদন করছে, সেসব সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মার্কিন সরকারের।
ইকবাল সোবহান আরও বলেন, সব নাগরিকের মুক্তচিন্তার বিষয়ে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের। এবং এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক। যারা এ কাজগুলো করছে, তাদের ধরাও হচ্ছে। তাদের বিচারের আওতায় আনাও হচ্ছে।