বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমালা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মো. মানিক নামের বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে।বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গীর হরিণমারি জুগিহার বাঁশবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে মানিক (২০) গতকাল শনিবার ভোরে মন্ডুমালা সীমান্তের ৩৮২ মেইন পিলারের ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন। ঠাকুরগাঁও বিজিবির কর্মকর্তারা জানান, মানিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতকাল বেলা ১১টার দিকে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়। বিএসএফের কর্মকর্তারা জানান, মানিককে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, মানিককে ফিরিয়ে দিতে বিএসএফকে চিঠি দেওয়ার পাশাপাশি পতাকা বৈঠক করা হয়েছে।