বাংলাদেশি যুবককে নির্যাতনের ঘটনায় ৮ বিএসএফ অভিযুক্ত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলেছে, কিছুদিন আগে বাংলাদেশি যুবককে নগ্ন করে নির্যাতনের ঘটনায় তাদের আটজন সদস্য দোষী প্রমাণিত হয়েছেন। বিচারের জন্য তাঁদেরকে বিএসএফের নিজস্ব আদালতে হাজির করা হবে।এ প্রসঙ্গে বিএসএফের দক্ষিণ সীমান্তের মহাপরিচালক (আইজি) রবি কুমার পনথ গতকাল শুক্রবার রাতে বিবিসি বেতারকে বলেন, মুর্শিদাবাদ জেলার সীমান্তে গরু পাচারকারী সন্দেহে একজন বাংলাদেশির ওপর বাহিনীর যে আটজন সদস্য পাশবিক নির্যাতন চালিয়েছিলেন, প্রাথমিক তদন্তে তাঁদের সবাই দোষী সাব্যস্ত হয়েছেন। এ ঘটনায় তাঁদের কোর্ট মার্শালের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।রবি পনথ আরও বলেন, বিএসএফের ওই আট সদস্যের সাক্ষ্য নেওয়া হচ্ছে। এরপর বিএসএফের নিজস্ব আদালতে তাঁদের সাজা ঘোষণা করা হবে। তবে যে বাংলাদেশির ওপর নির্যাতন চালানো হয়েছিল, তাঁকে সাক্ষ্য দিতে ডাকা হবে না। কারণ অভিযুক্ত ব্যক্তিরা নিজেরাই দোষ স্বীকার করেছেন। বিএসএফের নিজস্ব আইনে এঁদের সাজা হবে। গোটা প্রক্রিয়া শেষ হতে প্রায় এক মাস লাগতে পারে।