বাংলাদেশি যুবককে ভয়াবহ নির্যাতন করল বিএসএফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাল হোসেন নামের এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত বুধবার রাতে ভয়াবহ নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে জামালকে অচেতন অবস্থায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীর চরে ফেলে যায় বিএসএফ।
জামালের (২৪) বাড়ি নড়াইলের মুলারশ্রী গ্রামে। তাঁকে গতকাল বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিজিবি ও এলাকাবাসী জানান, স্থানীয় লোকজন ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে জামালকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বুড়িমারী বিজিবি ক্যাম্পে খবর দেওয়া হয়। বিজিবি তাঁকে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসাধীন জামাল দুপুর ১২টার দিকে ভাঙা ভাঙা গলায় বলেন, ‘কলকাতা ও শিলিগুড়িতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু বুধবার দালালের মাধ্যমে দেশে ফেরত আসার সময় কোচবিহারের চ্যাংড়াবান্ধা বাজারে বিএসএফ আটক করে। বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাদের নির্যাতনের একপর্যায়ে আমি অচেতন হয়ে পড়ি। চেতনাশক্তি ফিরলে জানতে পারি, বিজিবি আমাকে উদ্ধার করে এখানে ভর্তি করেছে। আমি বাড়ি যেতে চাই।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎক হুমায়ুন কবীর প্রথম আলোকে জানান, জামালের হাত, মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এখন তিনি কথা বলতে পারলেও পুরোপুরি স্মৃতিশক্তি ফিরে পাননি। পুরোপুরি সুস্থ হতে আরও দু-তিন দিন লাগতে পারে।