বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে নিজেদের গুলিতে নিহত বাংলাদেশি যুবক বাবুল হোসেনের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।গত রোববার রাত নয়টায় বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে চেংড়াবান্ধা সীমান্তে ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রণজিত কুমার পাল পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলীর কাছে লাশটি হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কোচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চেংড়াবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বীর পা সিংহ ও লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রহমান। বাবুল হোসেনের স্ত্রী আম্বিয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার স্বামী ভুল করে না হয় সীমান্তে গেছে। এ জন্য কি বিএসএফ তাঁকে গুলি করে হত্যা করবে? আমি এর বিচার চাই।’ এসআই রমজান আলী জানান, নিহত জাহাঙ্গীর হোসেন বাবুলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।