বাংলাদেশি রাখালকে আটক করেছে বিএসএফ
ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে এরশাদ আলী (১৫) নামের এক বাংলাদেশি রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত থেকে আজ রোববার সকাল আটটার দিকে তাকে আটক করা হয়। এরশাদ জামালপুর গ্রামের হামেদ আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে এরশাদ আলী সীমান্তের ১৫৩-৫(এস) পিলার-সংলগ্ন এলাকায় মাথাভাঙা নদী পার হয়ে ঘাস কাটতে যায়। সকাল আটটার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
জানতে চাইলে কুষ্টিয়া বিজিবির ৩২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল কাজী আরমান হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ভূখণ্ডটি ভারতের; কিন্তু বাংলাদেশিদের দখলে। এটি অপদখলীয় জায়গা। এরশাদ আলীকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। তাকে ফেরত পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।