বাংলাদেশি রাখালকে পিটিয়ে হত্যা করল বিএসএফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আবু আলম (২৪) নামের এক বাংলাদেশি রাখালকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত বুধবার পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবু আলম পাটগ্রাম পৌরসভার কোটতলী রেলওয়ে কলোনি এলাকার মৃত শামসুল হকের ছেলে। বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ১১ জন গরু পারাপারকারী রাখাল বুধবার রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে যান। তাঁদের পশ্চিমবঙ্গের বিএসবাড়ী এলাকার সানিয়াজান নদী ওপর নির্মিত ১ নম্বর বেলি সেতুর নিচ দিয়ে গরু আনার কথা ছিল। ওই রাতে গরু নিয়ে সানিয়াজান সেতুর নিচ দিয়ে তাঁরা ফিরছিলেন। এ সময় বিএসএফ অভিনব কৌশলে তৈরি করা লোহার একটি খাঁচা সেতুর ওপর থেকে সানিয়াজান নদীর মাঝপথে ফেলে দিলে তিনটি গরুসহ রাখাল আলম খাঁচায় আটকে যান। এরপর খাঁচা থেকে টেনেহিঁচড়ে বের করে বিএসএফ তাঁকে ক্যাম্পে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে আলমের লাশ সানিয়াজান নদীতে ভাসিয়ে দেয়। এ সময় তারা গরু তিনটিও মেরে ফেলে। মৃত গরুগুলোও নদীতে ভাসিয়ে দেয় বিএসএফ। তবে অপর ১০ জন নিরাপদে দেশে ফেরেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেখলিগঞ্জের সানিয়াজান নদী থেকে আলমের লাশ উদ্ধার করেন খড়খড়িয়া ১০৪ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে তাঁরা বিজিবিকে খবর দেন। আলমের প্রতিবেশী শরিফুল ইসলাম ও মামুন-অর-রশিদ বলেন, বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা লাশ শনাক্ত করতে তাঁদের দুজনকে খড়খড়িয়া ক্যাম্পের সামনে বিএসএফের কাছে পাঠায়। মুখমণ্ডল থেঁতলে ক্ষতবিক্ষত করে দেওয়ার কারণে মুখ দেখে চেনার উপায় নেই। তবে দেহ দেখে মনে হয়েছে, এটিই আলমের লাশ। আলমের স্ত্রী মোহসেনা আক্তার বলেন, গরু পারাপারকারী দলের এক সদস্য তাঁকে বাড়িতে এসে বলেছেন, ‘তোমার স্বামীকে বিএসএফ আটক করেছে।’ পরে তিনি জানতে পেরেছেন, বিএসএফ যে লাশ উদ্ধার করেছে তা তাঁর স্বামীর। লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আল হেলাল বলেন, বিএসএফের খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা যে লাশ উদ্ধার করেছেন তা আলমের। আলমের চাচা মো. বাদশা লাশ শনাক্ত করেছেন। লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে। বিএসএফ ময়নাতদন্তের পর লাশ ফেরতের আশ্বাস দিয়েছে।