পশ্চিম আফ্রিকার দেশগুলোতে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ইবোলা সংক্রমণমুক্ত রাখতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই বললেই চলে। সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া ঘুরে আসা বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ তথ্য জানিয়েছে।
ঢাকা সেনানিবাসের এএফএমআই মিলনায়তনে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলকে নেতৃত্ব দেওয়া কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মো. রবিউল হোসেন।
মেজর জেনারেল রবিউল বলেন, বর্তমানে লাইবেরিয়ায় ৫১৫ জনের মতো বাংলাদেশি শান্তিরক্ষী রয়েছেন। ইবোলা আক্রান্ত দেশগুলোর মধ্যে লাইবেরিয়ায় আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত ১৪ হাজার ১৪৩ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ হাজার ১৭৭ জন মারা গেছেন। লাইবেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৮৭৮ জন, এঁদের মধ্যে এক হাজার ৮১১ জন মারা গেছেন। তিনি বলেন, সেখানে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীরা ভয় পেয়েছিলেন। অনেকে এমন চিন্তাও শুরু করেছিলেন যে ইবোলা আক্রান্ত হয়ে মারা গেলে লাশ দেশে যাবে কি না। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের লাইবেরিয়া সফর তাঁদের মনোবল চাঙা করেছে। তাঁদের আশ্বস্ত করা হয়েছে, তাঁদের সংক্রমণের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে কেবল বাংলাদেশ প্রতিনিধিদল পাঠিয়েছে।
কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল বলেন, সংক্রমণ এড়াতে লাইবেরিয়ায় কর্মরত সৈনিকেরা অনুমোদিত এলাকার বাইরে যাচ্ছেন না। আগে দুটি স্বাস্থ্য ক্যাম্প চালাতেন বাংলাদেশি শান্তিরক্ষীরা, এখন সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। করমর্দন নিষিদ্ধ, প্রতিবার ক্যাম্পে ঢোকার আগে হাত ধোয়া ও শরীরের তাপমাত্রা পরিমাপ বাধ্যতামূলক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লাইবেরিয়া ছাড়াও মালি ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বাংলাদেশি শান্তিরক্ষীরা কাজ করছেন। এসব দেশেও শান্তিরক্ষীদের ইবোলা আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই বললেই চলে। ইবোলার কারণে সেনাবাহিনীর নিয়মিত সময়সূচি ও রদবদল ব্যাহত হচ্ছে না। বর্তমানে কঙ্গো থেকে মেয়াদ শেষ হওয়ায় শান্তিরক্ষীরা দেশে ফিরছেন এবং নতুন সৈনিকেরা মিশনে যাচ্ছেন। দেশে ফেরা সৈনিকদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে যাওয়া সৈনিকদের সংশ্লিষ্ট দেশগুলোর বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।