বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের ওপর নির্মিত চলচ্চিত্র “সহস্র মাইলের একটি যাত্রা: শান্তিরক্ষী”-এর প্রদর্শনী গতকাল বুধবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের ওপর নির্মিত চলচ্চিত্র “সহস্র মাইলের একটি যাত্রা: শান্তিরক্ষী”-এর প্রদর্শনী গতকাল বুধবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষী বিশেষ করে নারী সদস্যরা বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছেন। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় তাঁরা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। জাতিসংঘ শান্তি মিশনে লিঙ্গসমতা আনয়নেও বাংলাদেশ পথ-প্রদর্শক হিসেবে কাজ করেছে।
বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষী ইউনিট ক্যারিবীয় দেশে দায়িত্ব পালনকালে তাঁদের সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপের ওপর নির্মিত চলচ্চিত্র “সহস্র মাইলের একটি যাত্রা: শান্তিরক্ষী”—এর প্রদর্শনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব এ কথা বলেন। গতকাল বুধবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ফিল্ম একাডেমি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা গীতা গাম্বীর ও শারমিন ওবায়েদ-চিনয় এর পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটিতে হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ মোকাবিলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। চলচ্চিত্রটিতে দূর দেশের শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের পুরুষ ও নারী সদস্যের সামাজিক ও পারিবারিক চ্যালেঞ্জ মোকাবিলার চিত্রও তুলে ধরা হয়।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিভিন্ন বয়সের নারী, বিবাহিত মা ও অবিবাহিত কন্যা নিয়ে গঠিত এই শান্তিরক্ষী ইউনিটই বিশ্বের প্রথম পূর্ণ নারী শান্তিরক্ষী ইউনিটের একটি। প্রায় দেড় ঘণ্টার এই চলচ্চিত্রটিতে কয়েকজন সাহসী নারী শান্তিরক্ষীর পারিবারিক, সামাজিক ও পারিপার্শ্বিক চ্যালেঞ্জগুলোর পাশাপাশি শান্তিমিশনেও যেসব সমস্যা মোকাবিলা করেছেন, তা তুলে ধরা হয়েছে।


জাতিসংঘ মহাসচিব বান কি মুন, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তা ও চার শতাধিক দর্শকের উপস্থিতিতে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। সব দর্শক বাংলাদেশের নারীদের এই সাহসিকতা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, চলচ্চিত্রটি বাংলাদেশে নারী ক্ষমতায়নের একটি প্রকৃষ্ট উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ সেনা ও পুলিশ নিয়োগকারী দেশ হিসেবে বাংলাদেশ দায়িত্ব পালন করছে। শান্তিরক্ষায় নতুন নতুন চ্যালেঞ্জ ও পরিস্থিতি মোকাবিলা করে বাংলাদেশ তার অবদান বাড়িয়ে যাচ্ছে। রাষ্ট্রদূত জানান, এ পর্যন্ত বাংলাদেশের ৮৬২ জন নারী পুলিশ সদস্য হাইতি ও কঙ্গো মিশনে দায়িত্ব পালন করেছেন।