বাংলাদেশি শান্তিরক্ষীরা ইবোলা-আক্রান্ত হননি
পশ্চিমা আফ্রিকার দেশগুলোতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়লেও সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীরা সুস্থ আছেন। এমনকি বাংলাদেশসহ অন্য কোনো দেশের শান্তিরক্ষীরা এখনো পর্যন্ত এই ভাইরাস সংক্রমণের শিকার হননি।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়, ইবোলা প্রতিরোধে জাতিসংঘ কর্তৃক সর্বোচ্চ প্রতিরোধ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতিসংঘ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকার তিনটি দেশ মালি, আইভোরি কোস্ট ও লাইবেরিয়ায় বাংলাদেশি শান্তিরক্ষীরা বর্তমানে কাজ করছেন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইবোলা ভাইরাস ডিজিজ একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। কোনো কোনো সময় ৯০ ভাগ ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা রয়েছে। ইবোলা ভাইরাস ডিজিজকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর রোগগুলোর একটি বলা হয়ে থাকে। আক্রান্ত প্রাণী বা ব্যক্তির রক্ত, দেহের তরল অংশ বা টিস্যু থেকে এ রোগ ছড়ায়। আক্রান্ত ব্যক্তির নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। রোগটি বিস্তারের সময় আক্রান্ত বা মৃত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তি, পরিচর্যাকারী স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্যরা সবচেয়ে ঝুঁকিতে থাকেন।
এ রোগের সংক্রমণে পরিবার এমনকি গোটা সম্প্রদায় বিপর্যয়ের মুখে পড়তে পারে। তবে হাসপাতাল ও ক্লিনিকে বা ঘরে যথাযথ চিকিত্সায় রোগী সুস্থ হতে পারে।
বাংলাদেশের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটির সদস্য মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধানত বন্য জন্তু থেকে এ ভাইরাসটির উত্পত্তি। শিম্পাঞ্জি, গরিলা, বানর ও বাদুড় থেকে রোগটির বিস্তার হয়। তিনি জানান, আফ্রিকার যে জায়গাগুলোয় রোগটির বিস্তার ঘটছে সেগুলোর অবস্থান জঙ্গলের কাছে।
এর আগে ১৯৭৬ সালে কঙ্গোতে ইবোলার সংক্রমণ ঘটে। কঙ্গোর একটি নদী ইবোলা। এ নামেই পরে ভাইরাসটি পরিচিতি পায়। এ বছর গিনি, লাইবেরিয়া, সিয়েরালিয়ন ও নাইজেরিয়ায় রোগটির সংক্রমণ দেখা দিয়েছে। ইবোলা ভাইরাস ডিজিজের পাঁচটি ধরন রয়েছে, এবারেরটি সবচেয়ে ভয়াবহ।