বাংলাদেশি শিক্ষার্থীদের পুরস্কৃত করল ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে সনদ হাতে বাংলাদেশি শিক্ষার্থীরা। ছবি: বিজ্ঞপ্তি
অতিথিদের সঙ্গে সনদ হাতে বাংলাদেশি শিক্ষার্থীরা। ছবি: বিজ্ঞপ্তি

২০১৫ সালে বিশ্বব্যাপী বিভিন্ন পরীক্ষায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস, ‘এ’ এবং ‘ও’ লেভেলে এবং একক বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন (সিআইই)। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহায়তায় ‘আউট স্ট্যান্ডিং ক্যামব্রিজ লার্নারস অ্যাওয়ার্ডস ২০১৬’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নভেম্বর ২০১৪ এবং জুন ২০১৫ পর্বে ক্যামব্রিজের ধারাবাহিক পরীক্ষায় বাংলাদেশের মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতির জন্য এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বিজয়ীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে বিশ্বব্যাপী আয়োজিত পরীক্ষায় বাংলাদেশের ২২ শিক্ষার্থী ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস, এ লেভেল এবং ও লেভেলে সর্বোচ্চ নম্বর অর্জন করে। একক বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে বাংলাদেশের ২৯ শিক্ষার্থী। দেশের ২০টি স্কুলের ৬১ শিক্ষার্থী ক্যামব্রিজ পরীক্ষায় তাদের অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। শিক্ষার্থীরা গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানে অনন্যসাধারণ ফল করেছে। এসব শিক্ষার্থীকে পুরস্কৃত করে আন্তর্জাতিক শিক্ষা কর্মসূচি ও সনদ বিতরণী প্রতিষ্ঠান ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক এ কে এম সাইফুল মজিদ বলেন, সম্মানজনক এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে এবং সম্ভাবনাময় তরুণদের মাঝে থাকতে পেরে আমি উচ্ছ্বসিত।
ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনসের ডেপুটি ডিরেক্টর গাই চ্যাপমান বলেন, জ্ঞান ও দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীরা যেন শিক্ষা ক্ষেত্রে সফল হতে পারে, সেভাবেই আমাদের কর্মসূচিগুলো প্রস্তুত করেছি।
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনসের দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর রুচিরা ঘোষ বলেন, ‘আমাদের সবকিছুর কেন্দ্রে শিক্ষার্থীরা। কার্যকর শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের সফল হওয়ার মূল কারণগুলোর একটি।’
ব্রিটিশ কাউন্সিলের হেড অব ক্লায়েন্ট রিলেশনস মার্টিন লাওডার বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ক্যামব্রিজ আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডসে উপস্থিত হতে পেরে এবং শিক্ষার্থী, বাবা-মা ও শিক্ষকদের সরাসরি অভিনন্দিত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম প্রমুখ উপস্থিত ছিলেন।