ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাপারে গুরুত্ব দেওয়ার আহ্বান শেখ হাসিনার
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া শিক্ষার্থীদের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ক্যামেরনের সঙ্গে বৈঠকের সময় শেখ হাসিনা এ আহ্বান জানান।বৈঠকের জন্য নির্ধারিত সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ক্যামেরন তাঁকে স্বাগত জানান। এরপর প্রায় দেড় ঘণ্টা দুই নেতা একান্তে বৈঠক করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজেও জড়িত। অনেকে কাজ করেই পড়াশোনার খরচ চালান। এভাবে তাঁরা দুই দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছেন।বৈঠকে দুই নেতা বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং শিক্ষা, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী এসব খাতে বাংলাদেশকে সহযোগিতা দেওয়া অব্যাহত রাখার আশ্বাস দেন।এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক সহায়তা যেমন: তথ্য আদান-প্রদান ও প্রযুক্তিগত সহায়তার ব্যাপারে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিপূর্ণ বিশ্ব গড়তে সন্ত্রাসবাদ দমনে তাঁর দেশের সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। এ প্রসঙ্গে ক্যামেরন বলেন, ব্রিটেন সন্ত্রাস দমনে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের প্রশিক্ষণ দেবে এবং এ ক্ষেত্রে তথ্য বিনিময়ে সহযোগিতা বাড়াবে।শেখ হাসিনা বিনিয়োগবান্ধব অনুকূল পরিবেশ বিরাজ করায় ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের ইচ্ছা পোষণ করলে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন।বৈঠক চলাকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে গত বুধবার লন্ডনে পৌঁছান।অক্সফোর্ড ইউনিয়নে শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার কোটি ডলারের অস্ত্র নির্মাণশিল্পের অব্যাহত বিকাশকে মানবতার প্রতি ‘নিষ্ঠুর অবিচার’ হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি বিশ্বশান্তির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল লন্ডনে অক্সফোর্ড ইউনিয়নে ‘বিশ্বশান্তি’র ওপর বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, এই ধ্বংসাত্মক শিল্পের আকার ও ব্যয়ের পরিমাণ ন্যূনতম হ্রাস করা গেলেও উন্নয়নশীল দেশগুলোর কোটি কোটি দরিদ্র মানুষ উপকৃত হতো। তিনি বলেন, ‘অস্ত্রের পেছনে আমরা যত বেশি ব্যয় করব; দারিদ্র্য বিমোচন, মানব সম্পদের উন্নয়ন ও দরিদ্র মানুষের ক্ষমতায়নের জন্য আমাদের সামর্থ্য ততই কমে যাবে।’ তিনি আরও বলেন, মারণাস্ত্র-শিল্পের অব্যাহত বিকাশ মানবতার প্রতি নিষ্ঠুর অবিচার, যা সারা বিশ্বে সহিংসতা ও সন্ত্রাস উসকে দিচ্ছে। গণবিধ্বংসী এসব অস্ত্রের বিশাল মজুদ সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।