৪ মার্চ ব্রিটিশ শিক্ষা মেলা শুরু
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে এ মাসেই
বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যের ভিসা পাওয়ার ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা চলতি মাসের শেষে প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। ব্রিটিশ হাইকমিশনের ভিসা বিভাগের প্রধান স্টুয়ার্ট পারসিভাল গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।বার্ষিক শিক্ষা মেলা ২০১০ উপলক্ষে হোটেল শেরাটনে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ওই সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে এ তথ্য জানানো হয়। ভিসা প্রার্থীর হার মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ব্রিটিশ সরকার ১ ফেব্রুয়ারি এ নিষেধাজ্ঞা আরোপ করে।আগামী ৪ ও ৫ মার্চ হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে িব্রটিশ শিক্ষা মেলা। তা ছাড়া ৭ ও ৮ মার্চ এ মেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে। ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল বলেন, এবারকার মেলা হবে এ পর্যন্ত আয়োজিত মেলাগুলোর মধ্যে সবচেয়ে বড়। যুক্তরাজ্যের ৩৭টি খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা ও চট্টগ্রামের শিক্ষা মেলায় অংশ নেবে।যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভিসার ওপর নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করা হবে জানতে চাইলে স্টুয়ার্ট পারসিভাল বলেন, এ মাসের শেষে বিষয়টি (নিষেধাজ্ঞা প্রত্যাহার) পর্যালোচনা করা হবে। ভিসাপ্রার্থীদের আবেদনের হার ব্যাপক বেড়ে যাওয়ায় ১ ফেব্রুয়ারি থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। পারসিভাল বলেন, ‘মূলত মেধাবী ও প্রকৃত শিক্ষার্থীদের যুক্তরাজ্যে যাওয়ার পথ সুগম করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা প্রকৃত ভিসাপ্রার্থীদের স্বার্থরক্ষা করে যথাযথ সেবা দিতে পারার বিষয়টি নিশ্চিত হতে পারলে নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি প্রত্যাহার করা হবে।’ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গত ৩১ জানুয়ারি জানায়, ভিসার জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিভাগ ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবিএ) ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদন জমা নেওয়া স্থগিত করে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেপাল ও উত্তর ভারতের শিক্ষার্থীদের ক্ষেত্রেও।