বাংলাদেশি শিল্পীর ছবি নিয়ে জার্মান ফ্যাশন

খুরশিদ আলম সেলিম পরিচিত তাঁর বহু বর্ণিল বিমূর্ত এক্সপ্রেশনিস্ট ধাঁচের চিত্রকলার জন্য। এবার তাঁর ছবির ভিত্তিতে প্রস্তুত হচ্ছে ফ্যাশন ডিজাইন। তাঁর সঙ্গে জুড়ি বেঁধেছেন জার্মান চিত্রকর ও ফ্যাশন ডিজাইনার ক্লাউডিয়া তেহেদা। সেলিমের বেশ কিছু ছবি ব্যবহার করে তিনি প্রস্তুত করেছেন নতুন ফ্যাশন ডিজাইন।
২৩ বছরের অধিক সময় ধরে সেলিম নিউইয়র্কে বসবাস করছেন। যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তাঁর মোট ৬৩টি একক চিত্র প্রদর্শনী হয়েছে। বেইজিং অলিম্পিকে চিত্রকর হিসেবে বিশেষ স্বীকৃতিও পেয়েছেন । নিউইয়র্কের লং আইল্যান্ডে সেলিম গড়ে তুলেছেন তাঁর নিজস্ব গ্যালারি, নিউইয়র্ক আর্ট কানেকশন।
এই গ্যালারিতে নিজের ছবি প্রদর্শনের জন্য এসেছিলেন ক্লাউডিয়া। কাপড়ের ওপর সেলিমের ছবির ছাপচিত্র ব্যবহার করে মেয়েদের ফ্যাশন ডিজাইন করার প্রস্তাবও সেই পরিচয়ের সূত্র ধরে।
পরের বছর জার্মানিতে এক প্রদর্শনীতে অংশগ্রহণের সময় সেলিম ফ্যাশন আর্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান। সে সময় ক্লাউডিয়াই তাঁকে প্রস্তাব করেন, ‘আসো, আমরা একসঙ্গে কাজ করি। তোমার ছবি, আমার ফ্যাশন ডিজাইন।’ এর কয়েক মাস পর ক্লাউডিয়ার ডিজাইন নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয় নিউইয়র্কে সেলিমের গ্যালারিতে।