বাংলাদেশি শিশুদের ওবামার শুভেচ্ছা
বাংলাদেশি শিশুদের শুভেচ্ছা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল জাতিসংঘের সংস্থাগুলোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্থারিন কাজিন রাজধানীর একটি বস্তি পরিদর্শনকালে সেখানকার শিশুদের কাছে ওবামার এ শুভেচ্ছা বাণী পৌঁছে দেন। বাংলাদেশের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করতে কাজিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত শনিবার বাংলাদেশে এসেছে। সফরকালে আর্থারিন কাজিন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক-বিষয়ক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। কর্মসূচির অংশ হিসেবে কাজিন গতকাল ভাসানটেক বস্তিতে ডব্লিউএফপি পরিচালিত স্কুলে উচ্চ খাদ্যমানসম্পন্ন বিস্কুট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। কাজিন ওই স্কুলের শিশুদের জিজ্ঞেস করেন, ‘তোমরা কি বারাক ওবামাকে চেনো?’ শিশুরা ‘হ্যাঁ’ বললে কাজিন বলেন, ‘তিনি তোমাদের শুভেচ্ছা জানিয়েছেন।’ বস্তিবাসী শিশুরা রাষ্ট্রদূত কাজিনকে তাদের লেখাপড়া বিষয়ে জানায়, ইংরেজি ছড়া পড়ে শোনায় ও নাচ দেখায়।জাতিসংঘ মিশন ও বাংলাদেশে মার্কিন দূতাবাসের মিশন উপপ্রধান নিকোলাস জে ডিনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।