যেকোনো দুর্যোগ ছাড়াও বাংলাদেশে শিশু অপুষ্টির হার অনেক বেশি। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ‘ফর এভরি চাইল্ড এ ফেয়ার চান্স—দ্য প্রমিজ অব ইক্যুইটি’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের শিশু অপুষ্টির এ চিত্র দেওয়া হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের নেত্রকোনার ১৪ মাস বয়সী চরম অপুষ্টিতে ভোগা একটি শিশুর উদাহরণও গুরুত্ব পেয়েছে।
গত জুন মাসে ইউনিসেফের নির্বাহী বোর্ড নিউইয়র্কে ‘ইক্যুইটি’ বা ‘সাম্য’ বিষয়ে একটি বিশেষ সেশনের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার এ প্রতিবেদন প্রকাশ করে ইউনিসেফ। প্রতিবেদনটি বলছে, সব শিশুর বেঁচে থাকা এবং পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর অধিকার আছে। তাই দারিদ্র্য বা বিভিন্ন কারণে শিশুর মধ্যে কোনো ধরনের ভেদাভেদ বা কোনো বৈষম্য গ্রহণযোগ্য না। সব শিশুর মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে হবে।
প্রতিবেদনটি বলছে, আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ের নীতিমালা, খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন কারণে ১৯৯০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্বে (পাঁচ বছরের কম বয়সী শিশুদের) শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম বা খর্বাকৃতি সমস্যা কমেছে ৪০ শতাংশ। তারপরও বিশ্বের এ বয়সী শিশুর এক-চতুর্থাংশই খর্বাকৃতির।
প্রতিবেদনটি বলছে, দরিদ্র শিশুদের পাঁচ বছর বয়সের মধ্যে মারা যাওয়ার আশঙ্কা অন্য শিশুদের তুলনায় দ্বিগুণ থাকে। দরিদ্র পরিবারের মেয়েশিশুদের ১৮ বছর বয়সের আগে বিয়ে হওয়ার সম্ভাবনা চার গুণ বেশি থাকে। আর একবার বিয়ে হয়ে গেলে ওই শিশু মাধ্যমিক পড়া শেষ করতে পারে না। কর্মসংস্থানের সুযোগ কমে যায়। দারিদ্র্য বাড়তে থাকে। যে চক্র তাদের সন্তানের মধ্যেও চলতে থাকে।
চ্যালেঞ্জ: জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাবসাহারা আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার যথেষ্ট অগ্রগতি থাকার পরও এক বিলিয়ন শিশু বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। বিশ্বের প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া উপযোগী ৭ শতাংশ শিশু স্কুলের বাইরে রয়ে গেছে। দক্ষিণ এশিয়া এবং সাবসাহারা আফ্রিকায় বাল্যবিবাহের হার বেশি। ২০১৩ সালে ২ লাখ ৮৯ হাজার মা প্রসব জটিলতার কারণে মারা যান। এই মৃত্যুর ৮৬ শতাংশই ঘটেছে দক্ষিণ এশিয়া এবং সাবসাহারা আফ্রিকায়। ২০১৫ সালে এসেও ধারণা করা হচ্ছে, বিশ্বের ৫ দশমিক ৯ মিলিয়ন শিশু পাঁচ বছর বয়স হওয়ার আগেই মারা যাবে। দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে এ আশঙ্কা থাকবে দ্বিগুণ।
শিশুদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা অসম্ভব নয়: প্রতিবেদনের উপসংহারে আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে, বিশ্ব এবং জাতীয় উদ্যোগ নিলে কোনো কিছুই অসম্ভব নয়। ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে পাঁচ বছর বয়সের কম বয়সীদের শিশুমৃত্যুর হার ৫৩ শতাংশ কমেছে। এ সময়ে নবজাতক মৃত্যুহার কমেছে ৪৭ শতাংশ। ১৯৯০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিশ্বে মাতৃমৃত্যু কমেছে ৪৫ শতাংশ। প্রাথমিকে ছেলে ও মেয়েশিশুর ভর্তির দিক থেকে দক্ষিণ এশিয়ার অর্জন চোখে পড়ার মতো।
প্রতিবেদনটিতে শিশুদের মধ্যে সাম্য প্রতিষ্ঠার জন্য কমিউনিটির জনসংখ্যাকে ক্ষমতায়িত করা, সিস্টেম বা ব্যবস্থাকে শক্তিশালী করা, শিশুদের যথাযথ তথ্য সংগ্রহ, অংশীদারত্ব বাড়ানো, আর্থিক বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে।