বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার পক্ষেই বললেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। তিনি বলেছেন, বাজারের চাহিদা অনুযায়ীই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের কর থেকে মুনাফা লাভের জন্য নয়। খবর দ্য স্টার অনলাইনের।
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে স্থানীয় সমালোচকেরা বলছেন, শ্রমিকদের কর থেকে মুনাফা লাভের আশায় সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে বিদেশি শ্রমিকদের কর ১ হাজার ২৫০ রিংগিত থেকে বাড়িয়ে আড়াই হাজার করার সরকারি প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ চলছে।
গত বৃহস্পতিবার আহমদ জাহিদ হামিদি সে দেশের সাংবাদিকদের বলেন, ‘তাদের স্মরণ রাখতে হবে যে বাজারের চাহিদা অনুযায়ীই শ্রমিক নেওয়া হয়। আমাদের ইচ্ছা অনুযায়ী নয়। আমরা একবারে মোটের ওপর ১৫ লাখ শ্রমিক নিতে যাচ্ছি না। আগামী তিন বছরে বিভিন্ন পর্যায়ে শ্রমিক নেওয়া হবে।’
তবে বাংলাদেশ থেকে নতুন করে ১৫ লাখ শ্রমিক নেওয়ার বিরোধিতা করেছে দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিক ও শরণার্থীদের স্বার্থ রক্ষার দাবিতে আন্দোলনকারী বেসরকারি সংগঠন তেনাগানিতা। তারা বলেছে, নতুন করে শ্রমিক নেওয়ার পরিবর্তে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়া উচিত।
নিবন্ধন-প্রক্রিয়া শুরু: এদিকে গতকাল শুক্রবার রাতে বিবিসি বাংলা বিভাগের এক প্রতিবেদনে জানানো হয়, মালয়েশিয়ায় বৈধ হতে আগ্রহী, এমন দুই লাখেরও বেশি শ্রমিকের নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে সে দেশের সরকার। কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসলাম বলেন, বৈধভাবে কাজ নিয়ে পরে সেখানে অবৈধ হয়ে পড়েছেন, এমন বাংলাদেশি শ্রমিকদের ফেরত না পাঠিয়ে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য কোম্পানিগুলোকে বলেছে সে দেশের সরকার।