বাংলাদেশি শ্রমিককে চড় মেরে জরিমানা গুনলেন এক মালয়েশীয়
বাংলাদেশি একজন শ্রমিককে চড় মারার শাস্তি পেতে হলো একজন মালয়েশীয় নাগরিককে। আদালতে দোষ স্বীকার করার পর তাঁকে পাঁচ হাজার রিঙ্গিত (প্রায় এক লাখ টাকা) জরিমানা করা হয়েছে। খবর রাকিয়াত পোস্টের।
মালয়েশীয় পত্রিকাটির খবরে বলা হয়, মারধরের শিকার ওই বাংলাদেশির নাম সাহেব আলী। তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুবাং এলাকার মাস্টার ক্লিন কার কেয়ার নামের একটি গাড়ি ধোয়া-মোছার প্রতিষ্ঠানে কাজ করেন।
১৭ অক্টোবর ওই প্রতিষ্ঠানের ভেতরেই মালয়েশীয় নাগরিক রিসামুদ্দিন ওয়াহাব (৩০), যিনি নিজের বিলাসবহুল এসইউভি গাড়ি পরিষ্কার করতে দিয়েছিলেন, তাঁকে মারধর করেন। ওই মালয়েশীয় নাগরিকের অভিযোগ, বাংলাদেশি শ্রমিক গাড়িটির ভেতরে পরিষ্কার করতে গিয়ে উল্টো নোংরা করে ফেলেন।
মারধরের ঘটনা ধরা পড়ে সেখানে থাকা সিসিটিভির ভিডিও ফুটেজে। পাশাপাশি ওয়াহাব গাড়ি পরিষ্কারের বিল দিতে অস্বীকৃতি জানিয়ে উল্টো এক হাজার রিঙ্গিত ক্ষতিপূরণ দাবি করেন।
এ ঘটনায় গাড়ির মালিক ওয়াহাবের বিরুদ্ধে স্বেচ্ছায় আঘাত করার অভিযোগ এনে মালয়েশীয় দণ্ডবিধির ৩২৫ ধারায় মামলা হয়। পরে একটি ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে ওয়াহাব দোষ স্বীকার করে নেন।
গত বুধবার এই মামলার রায় হয়। আদালতের বিচারক ওয়াহাবকে পাঁচ হাজার রিঙ্গিত জরিমানা করেন। এই অর্থ মারধরের শিকার সাহেব ও তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন, তার মালিককে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত এ বিষয়ে গণমাধ্যমে বিবৃতি দিতে বা নতুন করে আইনি পদক্ষেপ না নিতে দুই পক্ষকেই নির্দেশ দিয়েছেন।
এদিকে মারধরের ভিডিওচিত্রটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে মালয়েশিয়ায়। এ ঘটনা নিয়ে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক মালয় মেইল একটি মন্তব্য প্রতিবেদনও ছেপেছে।
মালয়েশিয়ার সমাজকর্মী আজরুল খালিবের লেখা এই প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় মালয়েশীয়দের কুৎসিত চেহারার বহিঃপ্রকাশ ঘটেছে, যা দেশটিতে স্থানীয় নাগরিকদের হাতে বিদেশি নির্যাতনের একমাত্র ঘটনা নয়।