বাংলাদেশি শ্রমিকদের প্রতি নজর রাখার আশ্বাস মালয়েশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকেরা যাতে হয়রানির শিকার না হন, কুয়ালালামপুর সে বিষয়ে নজর রাখার আশ্বাস দিয়েছে। গতকাল সোমবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আনুষ্ঠানিক বৈঠককালে এ আশ্বাস পাওয়া যায়। খবর বাসসের।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান।
বৈঠকে মালয়েশীয় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের লাভজনক খাতে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তাঁরা জানান, তাঁরা বাংলাদেশের লাভজনক খাতে আরও বিনিয়োগ করতে চান এবং মালয়েশীয় উদ্যোক্তারা এসব খাত যাচাই করছেন। বৈঠককালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনে শেখ হাসিনার সাফল্য কামনা করেন।
শেখ ফজিলাতুন্নেছা বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন: গাজীপুর প্রতিনিধি জানান, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে গাজীপুরে গতকাল একটি বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার সফররত প্রধানমন্ত্রী নাজিব রাজাক সকালে যৌথভাবে এই হাসপাতাল ও নার্সিং কলেজের ফলক উন্মোচন করেন। এখানে রয়েছে ২৫০ শয্যার হাসপাতাল ও ৫০ আসনের নার্সিং কলেজ। মালয়েশিয়ার হাসপাতাল ‘চেইন’-এর সহযোগিতায় শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃপক্ষের উদ্যোগে এই হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে মালয়েশিয়ার কাছে আঞ্চলিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘দারিদ্র্য এই অঞ্চলের প্রধান শত্রু। দারিদ্র্য দূর ও নতুন প্রজন্মকে শিক্ষিত করে আমরা এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই; যাতে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিতে না পারে।’ তিনি বলেন, ‘জনগণের সেবা করাই আমাদের মূল দায়িত্ব। সেই চিন্তা থেকেই ২০১১ সালের ১৪ জানুয়ারি এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছয় একর জমির ওপর ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালে দেশের দরিদ্র জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে।’
শেখ হাসিনা মালয়েশীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি অবৈধভাবে ছিলেন। মালয়েশিয়ার সরকার তাঁদের বৈধতা দিয়েছে। তাঁরা এখন চাকরি করছেন। মালয়েশিয়া বাংলাদেশের পরম বন্ধু। তাদের সহযোগিতার ফলেই সব সমস্যা কাটিয়ে বাংলাদেশ আবারও সে দেশে জনশক্তি রপ্তানি শুরু করতে পেরেছে।
মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক অনুষ্ঠানে আশা প্রকাশ করে বলেন, যৌথ অংশীদারত্বের ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, হাসপাতালটি পরিচালনায় মালয়েশিয়া সার্বিক সহায়তা দিয়ে যাবে। প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় হাসপাতাল কমপ্লেক্সে আসেন। দুই দেশের প্রধানমন্ত্রী পৃথক ফলক উন্মোচন করে হাসপাতালটির উদ্বোধন করেন।