বাংলাদেশি শ্রমিকদের ভিসা নবায়ন করছে না ইউএই: বায়রা
বাংলাদেশি শ্রমিকদের ভিসা নবায়ন করা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে নতুন ভিসা দেওয়াও কমিয়ে দিয়েছে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর ইউএনবির।বায়রার সভাপতি এম শাহজালাল মজুমদার বলেন, ‘দুবাই এবং আবুধাবিসহ সংযুক্ত আরব আমিরাত গত সপ্তাহ থেকে বাংলাদেশি শ্রমিকদের ভিসা নবায়ন করছে না। তখন থেকে তারা নতুন ভিসা দেওয়াও কমিয়ে দিয়েছে।’শাহজালাল মজুমদার জানান, বায়রার সদস্য কিছু রিক্রুটিং এজেন্সি গত সপ্তাহে বিষয়টি জানায়। এ বিষয়ে দুবাই এবং আবুধাবিতে বাংলাদেশের শ্রম পরামর্শকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এর কারণ কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে খোঁজখবর নিয়ে জানানো হবে বলে তাঁরা আশ্বস্ত করেছেন।এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জাফর আহমেদ খান ইউএনবিকে বলেন, বর্তমানে আবুধাবিতে কাজ করছেন প্রায় ১৫ লাখ বাংলাদেশি। কোনো এক দেশ থেকে এই সংখ্যা অনেক বেশি। সম্ভবত এ কারণেই তারা বাংলাদেশি শ্রমিকদের ভিসা নবায়ন বন্ধ করে দিয়েছে। দুবাইসহ আরব আমিরাতের অন্যান্য জায়গায়ও একই অবস্থা এবং সেখানেও একই কারণ হতে পারে বলে জানান সচিব।