বাংলাদেশি শ্রমিকদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য সৌদি যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল সউদকে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি গতকাল শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি সৌদি রাষ্ট্রদূতের কাছে এ চিঠি হস্তান্তর করেন।রাত নয়টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠকে খালেদা জিয়া ও সৌদি রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ, সৌদি আরবে বিএনপির চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী এবং প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এ সময় উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সাবিহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়া সম্প্রতি সৌদি আরব সফরকালে সে দেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি সৌদি যুবরাজকে বাংলাদেশি শ্রমিকদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। বাসস।