যেসব সংখ্যালঘু বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের সেখানকার নাগরিকত্ব দেওয়া হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত বৃহস্পতিবার এ আশ্বাস দিয়েছেন। খবর দ্য স্টেটসম্যানের।
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক জনসভায় রাজনাথ বলেন, ‘সংখ্যালঘুরা হিন্দু, শিখ, খ্রিষ্টান যে–ই হোক—তাঁরা যদি বাংলাদেশে নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকেন, আমরা এমন মানুষদের প্রবেশের বৈধতা দেওয়ার পাশাপাশি ভারতে তাঁদের বসবাসের অনুমোদন দেব। আমরা আশ্বাস দিচ্ছি, সেই দিন দূরে নয়, যখন আমরা তাঁদের নাগরিকত্ব দেব।’
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার এ রকম শরণার্থীদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার আদর্শ প্রক্রিয়া চূড়ান্ত করেছে। এখন কেউ তাঁদের হয়রানি করতে পারবে না।
জাল নোট ও গরু চোরাচালান বন্ধ করতে এবং অপরাধী বন্দী হস্তান্তরের প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহায়তার প্রশংসা করেন রাজনাথ। নয়াদিল্লির কূটনৈতিক দক্ষতাকেই তিনি এ সাফল্যের কারণ বলে চিহ্নিত করেন। বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশ একেবারেই বন্ধ হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা বেড়া দেওয়া থেকে শুরু করে ফ্ল্যাশলাইট স্থাপনসহ সব ধরনের ব্যবস্থা নেবেন।