বাংলাদেশি সেই হাতিটি ফেরত দিল বিএসএফ
সীমান্তরেখার বাংলাদেশ অংশে বাচ্চাসহ তিনটি হাতি। নিজেদের ভঙ্গিমায় ডাকা শুরু করল ভারতের অংশে থাকা তাদের পথভোলা সাথিকে। পরিচিতদের দেখে শুঁড় উঁচিয়ে সাড়া দিল সে-ও। আনুষ্ঠানিকতার বাধা শেষে কাছাকাছি এসেই পরস্পর শুঁড়ে শুঁড় পেঁচিয়ে আলিঙ্গন শুরু করল।সীমান্তের দুই পারে থাকা শত শত উৎসুক মানুষের ভেতর কলরব শুরু হলো। তারা বন্য প্রাণীদের এই ভাববিনিময়কে স্বাগত জানাল করতালি দিয়ে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে এ দৃশ্যের অবতারণা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পয়লা বৈশাখের শোভাযাত্রা থেকে বের হয়ে সীমানা পেরিয়ে ভারতের আগরতলায় ঢুকে পড়েছিল হাতিটি। গতকাল শনিবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে সেই হাতিকে ফেরত দেওয়া হয়।ত্রিপুরা পূর্ত দপ্তরের প্রকৌশলী রাজু বর হক বলেন, আগরতলায় ঢুকে পড়ার পর হাতিটি রাজ্যের সিপাইজলা, গোমতী জেলার বিভিন্ন জঙ্গলে মুক্তভাবে বিচরণ শুরু করে। গত ২০ এপ্রিল অমরপুরের সমতলপাড়া থেকে সেটিকে আটক করা হয়।বিজিবি আখাউড়ার কোম্পানি কমান্ডার সুবেদার অমল ব্যানার্জি বলেন, ‘দ্য নিউস্টার সার্কাসের পোষা হাতিটি গত ১৪ এপ্রিল ছোটাছুটি করতে করতে আখাউড়া সীমান্ত হয়ে ভারতে ঢুকে পড়ে। ত্রিপুরা রাজ্যের বন বিভাগ টানা সাত দিন চেষ্টা চালিয়ে হাতিটিকে আটক করতে সক্ষম হয়। সব প্রক্রিয়া শেষে বিএসএফ গতকাল শনিবার সেটিকে বিজিবির কাছে হস্তান্তর করে।’ বাংলাদেশ সার্কাস অ্যাসোসিয়েশনের সভাপতি ও দ্য নিউ স্টার সার্কাসের স্বত্বাধিকারী এম এ ছামাদ গতকাল হাতি গ্রহণ করতে আখাউড়ায় আসেন।