বাংলাদেশি হিসেবে প্রথম উৎসবে আপ্লুত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা গতকালই প্রথম বাংলাদেশের নাগরিক হিসেবে মহান বিজয় দিবস উদ্যাপন করে। সেখানকার দীপ্তিমান একাডেমির খুদে শিক্ষার্থীরা নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়। ছবিটি কামালপুর গ্রাম থেকে তোলা l প্রথম আলো
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা গতকালই প্রথম বাংলাদেশের নাগরিক হিসেবে মহান বিজয় দিবস উদ্যাপন করে। সেখানকার দীপ্তিমান একাডেমির খুদে শিক্ষার্থীরা নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়। ছবিটি কামালপুর গ্রাম থেকে তোলা l প্রথম আলো

দীর্ঘ ৬৮ বছর পর এ বছর অবরুদ্ধ দশা থেকে মুক্তি মিলেছে পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের। প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় পতাকা তুলে, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে তারা উদ্যাপন করল অন্য রকম এক বিজয় দিবস। এ উদ্যাপন করতে গিয়ে আবেগে আপ্লুত অনেকের চোখ ভিজেছে আনন্দাশ্রুতে।
ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: বিলুপ্ত গারাতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে সকাল থেকে দলে দলে আসতে থাকে মানুষ। অনুষ্ঠান শুরু হয় শেষ দুপুরে। অস্থায়ী মঞ্চে বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারার শিল্পীরা ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি পরিবেশন করেন। সুরের ধারার শিল্পীরা এ সময় নৃত্য পরিবেশন করেন। সুরের ধারার শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলান পঞ্চগড়ের বিপি উচ্চবিদ্যালয় ও বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিল্পকলা একাডেমির শিল্পীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম। এর আগে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর স্বাগত বক্তব্য দেন।
জাতীয় সংগীত পরিবেশনের ঘোষণা দিতেই দর্শক-শ্রোতাসহ সবাই শ্রদ্ধাভরে দাঁড়িয়ে যায়। জাতীয় সংগীতে সবাই কণ্ঠ মেলায়। প্রথম বিজয় উৎসবের আনন্দে আবেগাপ্লুত হয় বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল গ্রামীণফোন। সহযোগিতায় ছিল সংস্কৃতি মন্ত্রণালয় ও চ্যানেল আই। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
জাতীয় সংগীত পরিবেশন শেষে মঞ্চে আসেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক টাওয়ার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘এত দিন আপনাদের দেশ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই আজ ছিটমহলের মানুষ অবরুদ্ধ জীবন থেকে মুক্ত হয়েছে।’
এরপর সুরের ধারার শিল্পীরা একে একে ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘ও আমার দেশের মাটি’—এ গানগুলো পরিবেশন করেন। সংগীতের ফাঁকে সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’ আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। পরে ‘নোঙ্গর তোল তোল; সময় যে হলো হলো’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
লালমনিরহাট: সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের অভ্যন্তরের বিলুপ্ত ১৫২ নম্বর ভিতরকুটি (বাঁশপচাই) ছিটমহলের বাসিন্দাদের কাছেও গতকাল দিনটি ছিল অন্য রকম। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত গেয়ে বাঁশপচাই ঈদগাহ মাঠে কাপড় দিয়ে বানানো শহীদ মিনারের পাশে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরু হয় কর্মসূচি। এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান। এ উপলক্ষে প্রীতিভোজেরও আয়োজন করা হয়।
পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় অবস্থিত বিলুপ্ত ছিটমহলগুলোতেও মাইকে বিজয়ের গান বাজিয়ে, খেলাধুলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহানন্দে উদ্যাপন করা হয় বিজয় দিবস।
লালমনিরহাট স্মৃতিসৌধে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনি ও শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

পঞ্চগড় সদরের বিলুপ্ত গারাতি ছিটমহলে গতকাল বিশিষ্ট সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে শতকণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা এবারই প্রথম বাংলাদেশের নাগরিক হিসেবে মহান বিজয় দিবস উদ্যাপন করে l প্রথম আলো
পঞ্চগড় সদরের বিলুপ্ত গারাতি ছিটমহলে গতকাল বিশিষ্ট সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে শতকণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা এবারই প্রথম বাংলাদেশের নাগরিক হিসেবে মহান বিজয় দিবস উদ্যাপন করে l প্রথম আলো

কুড়িগ্রাম: বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় সকাল থেকে দলে দলে লোকজন আসতে থাকে। অনেকেরই পরনে ছিল রং-বেরঙের নতুন জামা। হাতে হাতে জাতীয় পতাকা, মুখে হাসি। বাংলাদেশের নাগরিক হিসেবে এই প্রথম বিজয় দিবস উদ্যাপন করতে এসে ছেলে-বুড়ো সবাই আনন্দে মেতে ওঠে। সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দাসিয়ারছড়ার কালিরহাটে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে নারী, শিশুসহ শত শত মানুষ ফুল দেয়। এ ছাড়া দোয়া শেষে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়।
নীলফামারী: বাঁধভাঙা উচ্ছ্বাসে মহান বিজয় দিবস উদ্যাপন করেছে নীলফামারীর বিলুপ্ত চার ছিটমহলের মানুষ। সকালে তারা সমবেত হয় বিলুপ্ত ছিটমহল খারিজা গিতালদহে। সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ১০টার পর থেকে অনুষ্ঠিত হয় শিশুদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। সন্ধ্যায় আলোচনা সভা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।