বাংলাদেশি ১০ জেলেকে আটকে রেখেছে নাসাকা
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (নাসাকা) গতকাল মঙ্গলবার সেন্ট মার্টিন উপকূল থেকে ৫২ জেলেকে ধরে নিয়ে যায়। পরে তারা ৪২ জন জেলেকে ছেড়ে দেয়। তবে মুক্তিপণের জন্য ১০ জেলেকে আটক রাখা হয়েছে।ছাড়া পাওয়া এক জেলে জানান, সকাল ১০টার দিকে তাঁরা মাছ ধরা শেষে সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপে অবস্থান করছিলেন। এ সময় নাসাকার একটি বড় ট্রলার এসে তাঁদের ছয়টি ট্রলারসহ ৫২ জন জেলেকে ধরে নিয়ে যায়। পরে ৪২ জন জেলেকে ছেড়ে দেওয়া হয়। অপর ১০ জেলেকে ছাড়ার বিনিময়ে মুক্তিপণ দাবি করা হয়। এ জন্য জেলেদের নাসাকার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়। সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাসাকার আটক আতঙ্কের মধ্যেই জেলেরা মাছ শিকার করছেন। এ বিষয়ে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। নৌবাহিনীর সেন্ট মার্টিন দ্বীপের কন্টিনজেন্ট কমান্ডার আবুল বশর বলেন, ‘ঘটনাটি ট্রলার মালিকেরা গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের জানাননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’