বাংলাদেশি অভিবাসন-প্রত্যাশীদের আনতে মিয়ানমারে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন-প্রত্যাশী ১০৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে আজ সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমারে পৌঁছেছেন।

বিজিবি কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর ইমরান উল্লাহ সরকারের নেতৃত্বে আজ সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে প্রতিনিধি দলটি মিয়ানমারের ঢেকিবুনিয়া বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ফাঁড়িতে পৌঁছান। বৈঠকে পর্যবেক্ষক হিসেবে রয়েছেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম আকসুর রহমান।

বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান মেজর ইমরান উল্লাহ সরকার সকাল সাড়ে ১০টায় মিয়ানমার সীমান্ত থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর ওপর দিয়ে তাঁরা হেঁটে মিয়ানমারের ঢেকিবুনিয়া ফাঁড়িতে পৌঁছান। অভিবাসন প্রত্যাশী ১০৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ওই ফাঁড়িতে তাঁরা মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠকে বসেছেন। দুপুর একটার দিকে তাঁরা অভিবাসন প্রত্যাশীদের নিয়ে বাংলাদেশ সীমান্তের ঘুমধুম বিজিবি ফাঁড়িতে ফিরে আসতে পারেন। এরপর আইনানুগ কার্যক্রম সম্পন্ন করতে অভিবাসন প্রত্যাশীদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করবেন।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গত ২১ মে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার জলসীমানা থেকে সে দেশের নৌবাহিনী ২০৮ জন এবং ২৯ মে ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। মিয়ানমারের দাবি, উদ্ধার করা ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক।

মেজর ইমরান জানান, এর আগে বিজিবি পঞ্চম দফায় মিয়ানমার থেকে ৬২৬ জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী জানান, বিকেলে ঘুমধুম থেকে অভিবাসন প্রত্যাশীদের বাসে করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনা হবে। সেখানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন। পরে তাঁদের বাড়ির উদ্দেশে ছেড়ে দেওয়া হবে।