পাঁচ মাস ধরে পশ্চিম আফ্রিকার দেশ গিনির কনাক্রি বন্দর ত্যাগের ছাড়পত্র পাচ্ছে না একটি জাহাজ। এতে জাহাজে আটকা পড়েছেন ২৭ জন বাংলাদেশি নাবিক। জাহাজে একটানা অবস্থানের কারণে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। উৎকণ্ঠায় আছেন তাঁদের পরিবারের সদস্যরা।
নাবিকদের স্বজনেরা জানান, ‘এমভি দাহিয়াতুল কালবি’ নামের ওই জাহাজের মালিক বাংলাদেশের কন্টিনেন্টাল লাইনার এজেন্সিস। গত বছরের জুনে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটিতে ওঠেন নাবিকেরা। ভারত থেকে চাল বোঝাই করে গিনির কনাক্রি বন্দরের উদ্দেশে যাত্রা করে জাহাজটি। কিন্তু গিনিতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে নাবিকেরা সে দেশের কোনো বন্দরে জাহাজ নিয়ে যেতে চাননি। এ কারণে জাহাজটি কনাক্রি বন্দরে ভিড়তে দেরি হয়।
জাহাজ থেকে চাল খালাসের পর আমদানিকারক অভিযোগ করেন, জাহাজটি দেরিতে পৌঁছানোয় তাঁর ব্যবসায়িক ক্ষতি হয়েছে। এ অভিযোগে সে দেশের আদালতে মামলা করেন আমদানিকারক। আদালতের আদেশে গত বছরের নভেম্বর থেকে বন্দর ত্যাগের ছাড়পত্র পাচ্ছে না জাহাজটি। এরপর চট্টগ্রাম বন্দর থেকে ৮ হাজার ৭২৩ নটিক্যাল মাইল (প্রায় ১৬ হাজার ১৫৪ কিলোমিটার) দূরের গিনির কনাক্রি বন্দরের জলসীমায় অবস্থান করছে জাহাজটি।
জাহাজের দ্বিতীয় প্রকৌশলী মাশফিক-উল-হাসানের স্ত্রী নাবিলা লাইসা জহুর বলেন, ‘মাশফিক আমাদের জানিয়েছে, জাহাজে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। জেনারেটর শুধু রাতে চালানো হয়। এ রকম গুমোট পরিবেশে একটানা অবস্থানের কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। দুঃসহ সময় কাটছে নাবিকদের। বেতন-ভাতাও বাকি পড়ে আছে।’
মাশফিক-উল-হাসানের আত্মীয় শিরিন সুলতানা জানান, মাশফিক জাহাজ থেকে স্যাটেলাইট ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। জাহাজের তৃতীয় প্রকৌশলী ইশরাত হোসেনের মা জহুরা বেগম বলেন, ‘ছেলের খোঁজ নিতে পারছি না। এভাবে কত দিন পার হবে জানি না।’
জাহাজের প্রধান প্রকৌশলী তাজুল ইসলামের স্ত্রী মাছুমা ফেরদৌস বলেন, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য সে (তাজুল) ইনসুলিনও জোগাড় করতে পারছে না। অসুস্থ হয়ে পড়ছে সে।’
জানা যায়, দীর্ঘ সময়ে মামলার নিষ্পত্তি না হওয়ায় নাবিকেরা জাহাজ থেকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে কয়েক দফা চিঠি পাঠান। জাহাজের ২৬ জন নাবিক চিঠিতে সই করেন। সর্বশেষ চিঠিতে নাবিকেরা জানান, জাহাজে একটানা অবস্থান করায় মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সবাই। এ অবস্থায় তাঁরা যাতে জাহাজ থেকে নেমে দেশে আসতে পারেন, সে জন্য উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে। চিঠিতে আরও বলা হয়, মার্চ পর্যন্ত জাহাজের কর্মকর্তাদের ছয় মাস এবং সাধারণ নাবিকদের (ক্রু) তিন মাস বেতন বকেয়া পড়ে আছে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জাকিউর রহমান ভূঁইয়া দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জাহাজের মালিকপক্ষের লোকজন বলেন, গিনিতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে নতুন নাবিকদের নিয়োগ দিয়ে কর্মরতদের জাহাজ থেকে নামানোরও সুযোগ পাচ্ছে না মালিকপক্ষ। কারণ, নতুন নাবিকদের ওই জাহাজে যোগ দেওয়ার জন্য আকাশপথে গিনিতে পৌঁছে স্থলপথে বন্দরে যেতে হবে।
কন্টিনেন্টাল লাইনার এজেন্সিসের মালিক শাহ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মতিউল ইসলাম বলেন, ‘মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে। আমদানিকারক বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করায় সমঝোতাও করা যাচ্ছে না। জাহাজ বন্দর ত্যাগের ছাড়পত্র না পাওয়ায় মালিকপক্ষের লোকসান বাড়ছে।’ তিনি বলেন, জাহাজে খাবারদাবারে কোনো সমস্যা হচ্ছে না। তবে একটানা এক জায়গায় থাকার কারণে নাবিকেরা মানসিক কষ্টে আছেন। মামলা নিষ্পত্তি হলে দ্রুত অবস্থার উন্নতি হবে।