বাংলাদেশি ৩৫ জেলে ভারতের কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় উপকূলরক্ষীদের হাতে আটক বরগুনা ও পটুয়াখালীর ৩৫ জন জেলেকে কলকাতার আলীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ভারতের কারাগারে বন্দী হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে ভুক্তভোগী জেলে পরিবার।
ট্রলার মালিক সমিতি ও স্বজনদের অভিযোগ, ১৩ নভেম্বর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় উপকূলরক্ষীরা জেলেদের আটক করে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকার করার সময় সম্প্রতি নৌবাহিনীর হাতে বেশ কয়েকটি ভারতীয় ট্রলার ও প্রায় ২০০ ভারতীয় জেলে আটক হন। এসব ঘটনার প্রতিশোধ নিতে ভারতীয় উপকূলরক্ষীরা আমাদের নিরীহ জেলেদের ধরে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে আমাদের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধের দাবি করেও কোনো ফল পাচ্ছি না।’
গত রোববার সকালে বরগুনা সদরের মরখালী ও সাজিমারা গ্রামে গিয়ে দেখা যায়, জেলে পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। ভারতীয় কারাগারে বন্দী জেলে বাচ্চু মাঝির বাবা তৈয়ব আলী বলেন, ‘পোলার আয়ের ওপরে আমাগো সাতজনের সংসার চলে। এহন মোগো খাওন-পরনই জোডে না। পোলারে ক্যামনে মুক্ত কইর্যাে দ্যাশে আনমু কইতে পারি না।’
জেলে জয়নাল ফরাজীর বাবা পাথরঘাটার জিয়া সড়ক এলাকার বাসিন্দা আবদুর রহমান জানান, ১৩ নভেম্বর তাঁর ছেলে ভারতের চব্বিশ পরগনা জেলার বকখালী থানায় বসে মুঠোফোনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার খবর জানান। তিনি আরও জানান, বরগুনা সদর উপজেলার বাবুল মিয়ার মালিকানাধীন ‘এফবি ইজ-জাহান খেয়া’ নামের ট্রলারে করে গত ৭ নভেম্বর ১৭ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পাঁচ দিন পর তাঁদের ফিরে আসার কথা ছিল।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলী আকবরের মালিকানাধীন এফবি জাহানারা নামের ট্রলারটি একই দিনে ১৮ জন জেলেসহ ভারতের উপকূলরক্ষীর হাতে আটক হয়। এঁরাও আলীপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। ১৮ জেলের ১৬ জনের বাড়ি কলাপাড়ার খাজুরা গ্রামে। বাকি দুজনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।
কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ১৮ জেলে আলীপুর কারাগারে বন্দী আছেন বলে তিনি মুঠোফোনে নিশ্চিত হয়েছেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ জানান, এসব জেলেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানোর প্রক্রিয়া চলছে। কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলীয় অপারেশনাল কমান্ডার আলাউদ্দিন নয়ন বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সীমানা পর্যন্ত আমাদের প্রহরার সীমানা নির্ধারিত থাকলেও সমুদ্রগামী জলযান না থাকায় আমাদের পক্ষে গভীর সাগরে যাওয়া অসম্ভব।’