বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়ায় আলম হোসেন (৪০) নামের এক বাংলাদেশিকে গ্রামবাসী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করছে। হোগলবাড়িয়ার চরমেঘনা গ্রামের সীমান্ত এলাকায় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।আলম হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের মুন্তাজ প্রামাণিকের ছেলে।এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গতকাল ভোরে আলম অবৈধভাবে চরমেঘনা গ্রামে ঢোকেন। এ সময় গ্রামবাসী তাঁকে হত্যা করে লাশ ১৫১-৪(এস) সীমান্ত পিলারসংলগ্ন জঙ্গলের ভেতর ফেলে রাখেন। নাম প্রকাশে অনিচ্ছুক জামালপুরের এক বাসিন্দা জানান, রাতে কয়েকটি গুলির শব্দও শোনা গেছে। বিজিবির ৩২ ব্যাটালিয়ন প্রাগপুর কোম্পানির অধিনায়ক সুবেদার রেজাউল করিম জানান, হত্যার প্রতিবাদ এবং লাশ ফেরত চেয়ে গতকাল সকালে চরমেঘনা বিএসএফের সঙ্গে ১৫১-৪(এস) সীমান্ত পিলারসংলগ্ন নো ম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে সুবেদার রেজাউল করিম ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের ৮৫ বিএসএফ কমান্ড্যান্টের অধীনে মেঘনা বিএসএফ কোম্পানির অধিনায়ক ইন্সপেক্টর প্রদীপ কুমার।বিএসএফ সূত্র জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর লাশ ফেরত দেওয়ার বিষয়টি পরে জানানো হবে। লাশ হোগলবাড়িয়া থানার পুলিশ উদ্ধার করে কৃষ্ণনগর হাসপাতালের মর্গে নিয়ে গেছে। গত বুধবার মহিষকুণ্ডী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল ফরিদ উদ্দিনের নেতৃত্বে ১১ সদস্য ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিএসএফের বহরমপুর সেক্টর কমান্ডার আর সি ধানির নেতৃত্বে ১০ সদস্য অংশ নেন।