বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ১৯ ঘণ্টা পর ফেরত
নীলফামারীর ডিমলা সীমান্ত থেকে এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার ১৯ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার রাতে উপজেলার তিস্তা নদীতে মাছ ধরার সময় মোশাররফ হোসেন (৩৫) নামের ওই জেলেকে ধরে নিয়ে যান বিএসএফের সদস্যরা।
৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ডিমলা উপজেলার চরখড়িবাড়ি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মহসিন আলী চৌধুরী বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে আমরা খবরটি শুনি। মোশাররফকে ফেরত আনতে ১৩ বিএসএফ ব্যাটালিয়নের তিস্তাবস্তি ক্যাম্প কমান্ডার বরাবর পতাকা বৈঠকের জন্য সকালেই চিঠি পাঠানো হয়। দুপুরে পতাকা বৈঠক হয়। বিকেলে তাঁকে ফেরত দেয় বিএসএফ।’
নায়েব সুবেদার মহসিন আলী বলেন, অনুপ্রবেশের অভিযোগে মামলা করে গতকাল রাতে মোশাররফকে ডিমলা থানার পুলিশের কাছে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, সোমবার রাত নয়টার দিকে তিস্তা নদীতে মাছ ধরতে যান জেলে মোশাররফ হোসেনসহ কয়েকজন। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৯৭ নম্বর পিলারের ৫৭ নম্বর সাব-পিলার অতিক্রম করেন মোশাররফ। ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বিএসএফের তিস্তাবস্তি ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করলে অন্যরা পালিয়ে আসেন।
লাশ হস্তান্তর: সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জেলার বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের জয়নগর এলাকায় কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশি ভ্যানচালক মোমিন মোল্লার (২৮) লাশ হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বিকেলে সীমন্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকে লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর লাশ হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বলেন, মোমিন মোল্লা জীবিকার সন্ধানে এক মাস আগে কলকাতায় যান। সেখানে তিনি ভ্যান চালাতেন। সোমবার ভোরে তিনি ভারতের জয়নগর এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার পথে সীমান্তের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।