বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তের ওপারে ভারতের বালাপাড়া গ্রামে গত বৃহস্পতিবার ভোরে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহত ব্যক্তি হলেন উপজেলার পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের বাসিন্দা আবদুল হক (৪০)।
বিজিবি জানায়, আবদুল হক গত বুধবার রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতীয় ব্যবসায়ীর কাছ থেকে গরু আনতে বালাপাড়া গ্রামে যান। এ সময় বালাপাড়া গ্রামের বাসিন্দারা আবদুল হককে আটক করে পিটুনি দেন। এতে তিনি মারাত্মক আহত হন। বৃহস্পতিবার তাঁকে কোচবিহারের মাথাভাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন বেলা দুইটায় আবদুল হক মারা যান। পরে মাথাভাঙ্গা থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে এবং বিএসএফকে খবর জানায়।
ভারতের ৩২ ব্যাটালিয়নের বালাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার এক বাংলাদেশির মৃত্যু হওয়ার খবর বিজিবিকে জানান। রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের কুচলিবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার কাদের ভূঁইয়া বলেন, লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।