প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। গত বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জের সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে বিএসএফ ওই বাংলাদেশিকে ফেরত দেয়। পীরগঞ্জ থানা এবং বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রনশিয়া গ্রামের সজীমুল ইসলাম (৪৫) গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সীমান্তের ৩৩৯-১এস পিলারের কাছে চন্দ্রা নামক জায়গা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতের ১৬৭ বিএসএফ ব্যাটালিয়নের ভানাইল ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। পতাকা বৈঠকের পর বিএসএফ ওই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাতে তাঁকে পীরগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।