বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সীমানায় ঢুকে ধরে নিয়ে যাওয়ার চার ঘণ্টা পর সাবেদ আলী (৫০) নামের এক বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সাবেদ আলীকে ধরে নিয়ে যাওয়ার পর বিজিবি কড়া প্রতিবাদ জানায়। পরে দুঃখ প্রকাশ করে বিএসএফ তাঁকে ফেরত দেয়।

ঘটনাটি ঘটেছে শনিবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তের ৯২৮ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাবপিলার এলাকায়। সাবেদ আলী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চরফলিমারী গ্রামের মৃত কান্ডু ব্যাপারীর ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে আটটার দিকে নিজের ভুট্টা খেত পরিচর্যার সময় সাবেদ আলীকে ভারতের কোচবিহার-৩৮ বিএসএফ ব্যাটালিয়নের গিতালদহ ক্যাম্পের একটি টহল দল বাংলাদেশের প্রায় ১৫ গজ ভেতরে ঢুকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে মোগলহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে কড়া প্রতিবাদপত্র পাঠান। দুপুর ১২টার দিকে বিএসএফের গিতালদহ কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর রাজেশ কুমার ঠাকুর ও মোগলহাট বিজিবি কোম্পানী কমান্ডার সুজাউল ইসলামের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। পরে সাবেদ আলীকে দুপুর ১২টার দিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

সাবেদ আলী বলেন, ‘আমি আমার নিজের ভুট্টা খেতে কাজ করার সময় হঠাৎ করে বিএসএফ সদস্যরা এসে আমাকে কিছু না বলে হাত ধরে টান দিয়ে ভারতের দিকে নিয়ে যায়। আমি চিৎকার করে ঘটনাটি অন্যদের জানালে তারা মোগলহাট বিজিবিকে খবর দেয়। বিজিবির হস্তক্ষেপে আমি রক্ষা পেয়েছি।’

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফ বাংলাদেশে ঢুকে কৃষক সাবেদ আলীকে ধরে নিয়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে। সীমান্তের এ ঘটনা ঊর্ধ্বতন মহলে অবহিত করেছি। এমন ঘটনা রোধে বিজিবিকে তৎপর রাখা হয়েছে।’