বাংলাদেশিকে হত্যার প্রতিবাদ বিজিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গত শনিবার এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ভারতের মহদিপুর ক্যাম্পে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে এই প্রতিবাদ জানানো হয়। তবে বিএসএফ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে। বৈঠকে বিজিবির পক্ষে ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন ও বিএসএফের পক্ষে ১২৩ ব্যাটালিয়নের কামান্ড্যান্ট প্রখর ত্রিবেদী নেতৃত্ব দেন। বৈঠক শেষে জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, বিজিবির পক্ষ থেকে ঘটনাটি মানবতাবিরোধী ও সম্প্রতি বিজিবি-বিএসএফের মধ্যে স্বাক্ষরিত চুক্তিবিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে। তবে বিএসএফ এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে বলেছে, চোরাচালানে জড়িত কোনো দুষ্কৃতকারী দল এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি বিএসএফ তদন্ত করে দেখবে। শনিবার সকালে শিবগঞ্জের সিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে শরিফুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি নিহত হন। তিনি শিবগঞ্জের তারাপুর গ্রামের শামসুল হুদার ছেলে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।