বাংলাদেশিদের অবদানের কথাই উঠে এলো বারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের মঞ্চে বক্তৃতা দিচ্ছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। ছবি: আয়োজকদের সৌজন্যে
ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের মঞ্চে বক্তৃতা দিচ্ছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। ছবি: আয়োজকদের সৌজন্যে

যুক্তরাজ্যে রেস্তোরাঁ ব্যবসা মানেই বাংলাদেশিদের আধিপত্য। দেশটির এমন কোনো অঞ্চল খুঁজে পাওয়া যাবে না যেখানে বাংলাদেশি খাবারের কিংবা বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ নেই। বঙ্গদেশের মসলা মাখা মুখরোচক কারি এখন ভোজনরসিক যুক্তরাজ্যবাসীর নিত্যদিনের খাবারই শুধু নয়, খ্যাতি পেয়েছে ‘ব্রিটিশ কারি’ হিসেবেও। এই ব্যবসা করেই বাংলাদেশিরা যুক্তরাজ্যে কর্মসংস্থান তৈরির পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারে রেখে চলেছেন অসামান্য অবদান।

গতকাল সোমবার অনুষ্ঠিত ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে বারবারই উঠে আসছিল বাংলাদেশিদের এসব অবদানের কথা। সেন্ট্রাল লন্ডনের ব্যাটারসি এভোলিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’ এর ১১ তম আয়োজন। রেস্তোরাঁ ব্যবসায়ীদের পাশাপাশি ব্রিটিশ রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, অভিনয় শিল্পীসহ বিভিন্ন পেশার গুণীজন মিলে প্রায় ১৬শ অতিথির আগমন ঘটেছিল এই জমকালো অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে উঠে আসে যুক্তরাজ্যে রেস্তোরাঁ ব্যবসার অগ্রযাত্রার ইতিহাস। এতে দেখা যায়, বাংলাদেশিরা যে কেবল চুপচাপ রেস্তোরাঁ ব্যবসা করছেন তা কিন্তু নয়। নিজেদের অন্যতম এই পেশার স্বীকৃতি আদায়ে চালিয়ে যাচ্ছেন নানা চেষ্টাচরিত। তাদের চেষ্টায় যুক্তরাজ্যে রেস্তোরাঁ খাত শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ খাতকে বলা হয় ‘কারি ইন্ডাস্ট্রি’। আবার রেস্তোরাঁ ব্যবসার সাফল্য উদ্‌যাপনে আয়োজিত অ্যাওয়ার্ডস অনুষ্ঠান যে বিভিন্ন পেশার গুণীজনদের সমবেত করে একটি বর্ণিল রাতের সংযোজন ঘটাতে পারে তাও দেখিয়েছেন বাংলাদেশিরাই।

বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী এনাম আলীর চালু করা ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’ খ্যাতি পেয়েছে ‘কারি অস্কার’ হিসেবে। আয়োজনের বিশালত্ব আর অনুষ্ঠানের নৈপুণ্য দেখে বিবিসি, স্কাই নিউজ ও আইটিভিসহ ব্রিটিশ গণমাধ্যমগুলো এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানকে ‘কারি অস্কার’ বলে আখ্যায়িত করে।

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানস্থল। ছবি: আয়োজকদের সৌজন্যে
ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানস্থল। ছবি: আয়োজকদের সৌজন্যে

এবারের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিবিসির সংবাদ পাঠিকা জেইন হিল। বিশাল আকৃতির মঞ্চে উঠেই তিনি বললেন, কয়েক বছর যাবৎ তিনি ‘বাফটা’ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। কিন্তু ‘কারি অস্কারে’র এই আয়োজন যেন তার চাইতেও বিশাল। এলবিসি রেডিওর উপস্থাপক নিক ফেরারি বলেন, কঠোর পরিশ্রমী বাংলাদেশিরা রেস্তোরাঁ ব্যবসা করে কেবল নিজেদের ভাগ্য উন্নয়ন করছেন না; তাঁরা যুক্তরাজ্যের সংস্কৃতিতে নতুন নতুন বৈচিত্র্যের সংযোজন ঘটাচ্ছেন। হাজার হাজার কর্মসংস্থান তৈরি করে অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, রেস্তোরাঁ শিল্প ব্রিটিশ অর্থনীতিতে বছরে ৪ বিলিয়ন পাউন্ডেরও বেশি অবদান রাখছে। কর্মসংস্থান করেছে প্রায় দুই লাখ লোকের। ব্রিটিশ আভিজাত্যের ছোঁয়ায় বদলে যাওয়া মসলাময় খাবারগুলো এখন ব্রিটিশ কারি হিসেবে বিক্রি হচ্ছে দেশে দেশে। হাউস অব কমন্সের নেতা (লিডার অব দি হাউস অব কমন্স) কনজারভেটিভ দলীয় রাজনীতিক ক্রিস গ্রেইলিং এমপি বলেন, চোখ ধাঁধানো আয়োজন আর উপভোগ্য খাবারের লোভে তিনি ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের কোনো আয়োজন বাদ দেননি। অনুষ্ঠানে তাঁর স্ত্রী-সন্তানেরাও উপস্থিত বলে জানান তিনি।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বলেন, বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা কেবল ব্রিটিশ অর্থনীতিতে অবদান রাখছেন না, তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকেও বিকশিত করছে। ভূমিকা রাখছে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করতে।

অতিথিরা ব্রিটেনের সেরা ১০টি রেস্তোরাঁ মালিকের হাতে অ্যাওয়ার্ডস তুলে দেন। অ্যাওয়ার্ডস প্রদানের ফাঁকে ফাঁকে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এনাম আলী প্রথম আলোকে বলেন, ‘এত বিশাল উপস্থিতির সামনে বাংলাদেশকেও সুন্দর ভাবে তুলে ধরা সম্ভব। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশ নিয়ে কিছু করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সহযোগিতা পাওয়া যায় না’।

অন্যান্যের মধ্যে মঞ্চে অ্যাওয়ার্ডস প্রদানে অংশ নেন যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী নিকি মর্গান, পল স্কালি এমপি, লর্ড আহমদ, শ্যারন হগসন এমপি, অভিনেতা আদিল রে, টিভি উপস্থাপক স্টিফেন মলহার্ন ও ইউরো ফুডের পরিচালক সেলিম হোসেন প্রমুখ।