বাংলাদেশিদের কানাডায় যেতে নতুন কড়াকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের কানাডা যেতে নতুন কড়াকড়ি আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। এখন থেকে কানাডা যেতে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা আবেদনের সঙ্গে তাঁদের আঙুলের ছাপ ও একটি ডিজিটাল ছবি নেওয়া হবে। এই বায়োমেট্রিক পদ্ধতি ভ্রমণ, পড়াশোনা ও কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
১১ ডিসেম্বর থেকে উল্লিখিত বিষয়গুলো কার্যকর হবে। কানাডার হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডা যেতে ইচ্ছুক ব্যক্তিদের আবেদনপত্রসহ সশরীরে ভিসা প্রক্রিয়া কেন্দ্রে (ভিএসি) আসতে হবে। ভিসার আবেদনপত্র জমাদানের সময় তাঁদের আঙুলের ছাপ ও ডিজিটাল ছবি নেওয়ার কাজ এখানেই সম্পন্ন করা হবে। নতুন বিষয়গুলো শুধু কানাডাবাসীর নিরাপত্তাই নয়, কানাডাগামীর নিরাপত্তাও দেবে। আবেদনকারীর পরিচয়পত্র কেড়ে নিয়ে বা চুরি করে অন্য কেউ কানাডায় প্রবেশ করতে পারে। আর পরে এসব তথ্যের কারণে কোনো ব্যক্তির পরিচয় শনাক্তকরণ সহজ হওয়ায় কানাডায় প্রবেশও সহজ হবে। ইউএনবি।