বাংলাদেশিদের গড় আয়ু ৭০ দশমিক ৭ বছর
বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৭ বছর। পুরুষের চেয়ে নারীরা গড়ে আড়াই বছর বেশি বাঁচে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ ২০১৪ সালের ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটেসটিকস’ এর ফলাফলে বাংলাদেশিদের আয়ুষ্কালের এই চিত্র পাওয়া গেছে।
আজ রোববার এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, নারীর গড় আয়ু ৭১ দশমিক ৬ বছর। আর পুরুষের গড় আয়ু ৬৯ দশমিক ১ বছর।
বিবিএস বলছে, পুরুষের চেয়ে নারীর টিকে থাকার ক্ষমতা বেশি থাকায় তারা (নারী) অপেক্ষাকৃত বেশি দিন বাঁচে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার অপরিবর্তিত রয়েছে। ২০১৪ সালে ১ দশমিক ৩৭ শতাংশ হারে জনসংখ্যা বেড়েছে। এর আগের বছরও এই হার একই ছিল। তবে তার আগের বছর অর্থাৎ, ২০১২ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা সচিব শফিকুল আজম। তিনি বলেন, জাতীয় পরিকল্পনার সাফল্য নির্ভর করে বস্তুনিষ্ঠ পরিসংখ্যানের ওপর।
বিশেষ অতিথি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম বলেন, তথ্য-প্রমাণভিত্তিক পরিকল্পনা খুবই জরুরি। তাই বিবিএসকে শক্তিশালী করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক আবদুল ওয়াজেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএসের প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক।