বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা আবার চালু
প্রায় নয় মাস বন্ধ থাকার পর বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা উন্মুক্ত করেছে সৌদি আরব। ওমরাহ ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ১৪ ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সৌদি আরব।
পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো ঢাকায় সৌদি দূতাবাসের চিঠির বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল সোমবার এ প্রতিবেদককে বলেন, সৌদি সরকার ইতিমধ্যে বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বরাদ্দ করেছে। সৌদি আরবের ওমরাহ এজেন্সিগুলোর মাধ্যমে বাংলাদেশের নাগরিকেরা ভিসার আবেদন জানাতে পারেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওমরাহ হজের নামে মানব পাচারের অভিযোগে সৌদি আরব গত ২২ মার্চ বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করে দেয়। এরপর মানব পাচারে জড়িত থাকার অভিযোগে মন্ত্রণালয় ২৩০টি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এখন বাকি ৭০টি হজ এজেন্সির মাধ্যমে ওমরাহ ভিসার জন্য আবেদন করা যাবে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত ওমরাহ পালন করতে গিয়ে ১ শতাংশ দেশে না ফিরলে সেটি সৌদি কর্তৃপক্ষ ক্ষমার চোখে দেখে। গত ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০-৪৫ হাজার নাগরিক ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। এঁদের ভিসার মেয়াদ ছিল ১৪ থেকে ২৮ দিন। ওমরাহ পালন করতে গিয়ে এঁদের মধ্যে হাজার দেড়েক লোক দেশে ফেরেননি।
প্রসঙ্গত, প্রতিবছর রমজান মাসে ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি ওমরাহ পালন করতে সৌদি আরব যান। সাধারণত বাংলাদেশের হজ এজেন্সিগুলো সৌদি আরবের এজেন্সির সহায়তায় বাংলাদেশের নাগরিকদের ওমরাহ পালনের ব্যবস্থা করে থাকেন।