বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রাপ্তি সহজ করার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণের জন্য ভিসা পদ্ধতি সহজ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে অনুরোধ করলেন ১৪ দলের নেতারা।গতকাল বুধবার ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ১৪ দলের নেতারা এ অনুরোধ করেন। ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে সোনারগাঁও হোটেলে বিকেল পাঁচটায় মনমোহন সিংয়ের সঙ্গে ১৫ মিনিটের বৈঠকে অংশ নেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের নেতা ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, ন্যাপের সাংসদ আমেনা বেগম ও জাসদের নেতা শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ। বৈঠকের বিষয়ে জানতে পরে যোগাযোগ করা হলে রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, তাঁরা বৈঠকে মনমোহন সিংয়ের কাছে ভারতের ভিসা পদ্ধতি সহজ করার কথা বলেছেন। এ সময় মনমোহন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে এ বিষয়ে জানতে চান। তখন হাইকমিশনার মনমোহনকে বলেছেন, প্রতিদিন বাংলাদেশের দুই হাজার নাগরিককে ভারতের ভিসা দেওয়া হয়।মেনন আরও বলেন, ‘বৈঠকে আমরা তিস্তা চুক্তির প্রতি ইঙ্গিত করে বলেছি, সমস্যা সমাধানে যে হোঁচট খেয়েছি, তা আগামী দু-তিন মাসের মধ্যে যেন সমাধানের উদ্যোগ নেওয়া হয়।’ তিনি জানান, মনমোহন সিং বলেছেন, যেখানে দুই দেশের জনগণের সদিচ্ছা আছে, সেখানে পারস্পরিক সহযোগিতা বাধাগ্রস্ত হবে না। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা-মনমোহন বৈঠকে কয়েকটি ছোট জানালা খোলা হয়েছে। দুই দেশের সহযোগিতার বড় দরজাগুলো এখনো বন্ধ রয়ে গেছে। সদর দরজা খোলার জন্য তিস্তা, মেঘনা, ব্রহ্মপুত্র, গঙ্গা অববাহিকার পানির যৌথ ব্যবস্থাপনা দরকার।