বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করবে ভারত
বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করবে ভারত। ঢাকায় গত মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত উভয় দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন, ভিসা সহজীকরণের জন্য বর্তমান প্রক্রিয়ায় কী কী পরিবর্তন আনা প্রয়োজন, তা দুই দেশের যুগ্ম সচিব পর্যায়ে আসন্ন বৈঠকে চিহ্নিত করা যেতে পারে। এ ক্ষেত্রে জ্যেষ্ঠ নাগরিক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ অন্যদের বিষয়টি বিবেচনা করা হবে।প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগ আরও নিবিড় করতে ভারত ইতিমধ্যে ভিসা সহজীকরণ চুক্তি করেছে। এখন তারা বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গেও যোগাযোগ সহজীকরণে আগ্রহী। এ ক্ষেত্রে অকূটনৈতিক ভিসা দেওয়ার সময়সীমা নির্ধারণ, ব্যবসায়ীদের একাধিক ভিসা প্রাপ্তি সহজীকরণ, বয়স্ক শিশুদের জন্য তাৎক্ষণিক ভিসার ব্যবস্থা, চিকিৎসা ভিসা ও ট্রানজিট ভিসার সময়সীমা বৃদ্ধি প্রভৃতি বিষয়ে বর্তমান নিয়মের পরিবর্তন হতে পারে।এদিকে, বঙ্গবন্ধুর খুনি রিসালদার মোসলেউদ্দিনসহ ভারতে অবস্থানরত অন্য খুনিদের খুঁজে বের করে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারতের পররাষ্ট্রসচিব আর কে সিংয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।