বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা-প্রক্রিয়া সহজ করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে সদ্যসমাপ্ত শীর্ষ বৈঠকের সময় বাংলাদেশের পক্ষ থেকে ভিসার বিষয়টি তোলা হলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ আশ্বাস দেন। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় এ কথা জানান।পররাষ্ট্রসচিব এ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে কাজ করছে, তাও তুলে ধরেন। পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের বৈষম্য কমাতে ভারতের শুল্কমুক্ত সুবিধা দেওয়া, অশুল্ক বাধা দূর করা ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্যবসায়ীদের এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। অসুস্থতার কারণে তিনি না যাওয়ায় তাঁর পরিবর্তে পররাষ্ট্রসচিব বক্তব্য দেন।বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের ব্যবসায়ীদের ভারত ভ্রমণের ক্ষেত্রে ভিসা-প্রক্রিয়া সহজ এবং ভিসা পাওয়া দ্রুততর করা হবে কি না—প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব বলেন, নয়াদিল্লিতে ১১ জানুয়ারি বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা-প্রক্রিয়া সহজ করার ব্যাপারে অনুরোধ জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভারতের প্রধানমন্ত্রী বিষয়টি সুরাহার ওপর গুরুত্ব দেন। মনমোহন সিং বাংলাদেশকে আশ্বস্ত করেন, বাংলাদেশের নাগরিকদের ভারতের ভিসা পাওয়ার বিষয়টি দ্রুততর করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।মিজারুল কায়েস বলেন, ‘এ বিষয়ে আমি ঢাকায় ভারতের হাইকমিশনার রজিত মিত্তারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুত সমাধান করতে তাঁর সঙ্গে আলোচনা করব।’অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এফআইসিসিআইয়ের সভাপতি হামিম রহমতউল্লাহ এবং ধন্যবাদ জানান সংগঠনের সহসভাপতি স্টিভ উইলসন।