বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হিলারি ক্লিনটন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় হিলারি বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি পয়লা বৈশাখ উপলক্ষে সব বাঙালিকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে প্রতিশ্রুতি ও সম্ভাবনার একটি নতুন বছরকে স্বাগত জানাই।’ খবর ইউএনবির। হিলারি ক্লিনটন বলেন, ‘এ উৎসব জাতি-ধর্মনির্বিশেষে অভিন্ন ঐতিহ্যের অধিকারী সব মানুষকে ঐক্যবদ্ধ করে। ঐতিহ্যবাহী খাবার, সংগীত ও নাটকের মাধ্যমে বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান জানানোর একটি সুযোগ হয় এই দিনে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনেক বাঙালি এই দিনটিতে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে এবং নানা অনুষ্ঠান উদ্যাপন করবে। এ বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর (রবীন্দ্রনাথ) লেখা মানবজাতিকে সমৃদ্ধ করেছে। তিনি সারা বিশ্বের বাঙালিদের গর্ব। হিলারি ক্লিনটন বলেন, ‘আমাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের জন্য আরও শান্তিময় ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে চলুন, এই শুভক্ষণে আমরা আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাই এবং পারস্পরিক সম্মান ও বোঝাপড়া বাড়াতে আমাদের প্রচেষ্টা চার গুণ করি।’