বাংলাদেশিদের নাম থাকার খবরে টিআইবির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামাভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া নথিতে বাংলাদেশিদের নাম থাকার খবরে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গতকাল মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, এ ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনায় ‘প্রকট দুর্নীতি-সহায়ক পরিস্থিতির দৃষ্টান্ত’। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংস্থাটি।
পানামা পেপারস কেলেঙ্কারি-সম্পর্কিত অফশোর কোম্পানি ও ব্যক্তির নাম অনলাইনে প্রকাশ শুরু হয়েছে। গত সোমবার মধ্যরাতে দুই লাখের বেশি কোম্পানি ও ব্যক্তির নাম প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে।
বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের বাইরে নামে-বেনামে কোম্পানি প্রতিষ্ঠা বা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থ পাচারের মূল লক্ষ্য কর ফাঁকি। অর্থাৎ এর মূল্য চূড়ান্ত বিবেচনায় জনগণকেই দিতে হয়। সরকারের অন্যতম দায়িত্ব এরূপ কর ফাঁকি ও অর্থ পাচার বন্ধ করা। টিআইবি মনে করে, যে তথ্য প্রকাশিত হয়েছে তা আংশিক মাত্র। কারণ মোসাক ফনসেকার মতো আরও অনেক তথাকথিত আইন সহায়তাকারী প্রতিষ্ঠান অর্থ পাচার-প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে। তা ছাড়া এ দুষ্টচক্রের সঙ্গে জড়িত রয়েছে বিশ্বের নামীদামি ব্যাংক, অ্যাকাউন্টিং কোম্পানিসহ অসংখ্য মধ্যস্থতাকারী। অতএব একদিকে দেশীয় আইনি কাঠামো জোরদার ও কার্যকর করার মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ ও অন্যদিকে জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনসহ আন্তর্জাতিক আইনি সহায়তার মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ইফতেখারুজ্জামান বলেন, তালিকায় যে বাংলাদেশিদের নাম উল্লেখ করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক কালে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বাংলাদেশ থেকে উদ্বেগজনক হারে অর্থ পাচারের প্রবণতার বিষয়টি উল্লেখিত হয়েছে।