বাংলাদেশিদের প্রত্যাবর্তন তদারকির জন্য মিসর গেছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকি করতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল শনিবার মিসর গেছেন। সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। মিসর রওনা হওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, তিউনিসিয়ার সীমান্তবর্তী অস্থায়ী আশ্রয়শিবিরে ১৬ থেকে ১৭ হাজার এবং মিসরের শিবিরগুলোতে চার থেকে পাঁচ হাজার বাংলাদেশি আছে। বর্তমান হারে ফিরিয়ে আনা অব্যাহত থাকলে আগামী সাত-আট দিনের মধ্যে ওই দুই দেশের সীমান্তে অপেক্ষমাণ সব বাংলাদেশিকে ফিরিয়ে আনা যাবে। এ জন্য প্রয়োজনে তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও বিমান বাহিনীর ঘাঁটি ব্যবহার করা হবে।বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকির জন্য পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গত শুক্রবার রাতে তিউনিসিয়া গেছেন।প্রসঙ্গত, সরকারের সরাসরি উদ্যোগে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি আগামীকাল প্রায় ৩০০ বাংলাদেশিকে নিয়ে আলেকজান্দ্রিয়া থেকে ঢাকা আসার কথা।